Logo

জাতীয়

ভোট ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৩

ভোট ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) থেকে মাঠে নামছেন ৬৫৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। নির্বাচনী অপরাধসমূহ সশরীরে আমলে নিয়ে সংক্ষিপ্ত পদ্ধতিতে (সামারি ট্রায়াল) বিচারের লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) তাদের নিয়োগ দিয়েছে।

ইসি সচিবালয়ের উপসচিব (আইন) মোহাম্মদ দিদার হোসাইন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, নিয়োগপ্রাপ্ত বিচারকরা আজ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৫ দিন দায়িত্ব পালন করবেন। অর্থাৎ ভোটগ্রহণের আগের দুই দিন, ভোটের দিন এবং পরের দুই দিন তাঁরা প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের ক্ষমতাবলে মাঠপর্যায়ে আইনি তদারকি করবেন।

বিচারিক এখতিয়ার ও ক্ষমতা
প্রজ্ঞাপন অনুযায়ী, জুডিশিয়াল সার্ভিসের এই কর্মকর্তারা মূলত ‘দ্য রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২’-এর ক্ষমতাবলে দায়িত্ব পালন করবেন। তাঁরা ভোটদানে বাধা প্রদান, কেন্দ্র দখল, বিশৃঙ্খলা সৃষ্টিসহ বিভিন্ন তফশিলি অপরাধের ক্ষেত্রে ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮’ অনুযায়ী তাৎক্ষণিক বিচার কার্য পরিচালনা করতে পারবেন।

ম্যাজিস্ট্রেটদের প্রতি ইসির নির্দেশনা
নির্বাচন কমিশন থেকে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের জন্য সুনির্দিষ্ট কিছু নির্দেশনা জারি করা হয়েছে :

  • যোগদান : আজ মঙ্গলবার বিকেলের মধ্যে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় যোগদান করে ইসি সচিবালয়কে অবহিত করতে হবে।
  • সংক্ষিপ্ত বিচার : কোনো অপরাধ আমলে নেওয়া হলে তা দ্রুততম সময়ে ‘সামারি ট্রায়াল’ পদ্ধতিতে নিষ্পত্তি করতে হবে। বিচারের ফলাফল পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে ইসি সচিবালয়ে পাঠাতে হবে।
  • সহায়ক স্টাফ : বিচারিক কাজ সহজ করতে প্রত্যেক ম্যাজিস্ট্রেট একজন বেঞ্চ সহকারী বা স্টেনোগ্রাফার সঙ্গে নিতে পারবেন।
  • নিরাপত্তা ও লজিস্টিক : সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা বিচারকদের জন্য প্রয়োজনীয় যানবাহন (জিপ, মাইক্রোবাস বা স্পিডবোট) নিশ্চিত করবেন। পাশাপাশি পুলিশ বাহিনীকে তাঁদের প্রয়োজনীয় ‘স্ট্রাইকিং ফোর্স’ ও নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তফসিল অনুযায়ী, দেশের ৩০০টি নির্বাচনী এলাকার জন্য এই ৬৫৫ জন বিচারককে সুনির্দিষ্ট অধিক্ষেত্রে ভাগ করে দেওয়া হয়েছে। পঞ্চগড়-১ আসন থেকে শুরু করে বান্দরবান পর্যন্ত প্রতিটি সংসদীয় আসনে এক বা একাধিক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনী আইনশৃঙ্খলা রক্ষায় সরাসরি নিয়োজিত থাকবেন।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দেশের ২৯৯টি আসনে (শেরপুর-৩ স্থগিত) একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর