Logo

জাতীয়

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট

২০০ ইইউ পর্যবেক্ষক মাঠে নামছেন আজ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৭

২০০ ইইউ পর্যবেক্ষক মাঠে নামছেন আজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭টি সদস্যরাষ্ট্র থেকে আগত ২০০ জনের নির্বাচন পর্যবেক্ষক দল আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) থেকে সারাদেশে মাঠপর্যায়ে কাজ শুরু করছেন। 

সোমবার (৯ ফেব্রুয়ারি) ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়, ঢাকায় অবস্থানরত স্বল্পমেয়াদি পর্যবেক্ষকদের নির্বাচনের দিনের কার্যক্রম, ভোটগ্রহণ, ভোট গণনা এবং ফলাফল তালিকা পর্যবেক্ষণ পদ্ধতি সম্পর্কে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণ শেষে আজ তাঁদের দেশের বিভিন্ন এলাকায় মোতায়েন করা হচ্ছে।

ইউরোপীয় ইউনিয়ন সূত্র জানায়, এরই মধ্যে ইউরোপ থেকে ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক বাংলাদেশে পৌঁছেছেন। এর পাশাপাশি ইইউ কূটনৈতিক সম্প্রদায় ও অংশীদার দেশগুলো থেকে আরও ৩৫ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক এই মিশনে যুক্ত হয়েছেন, যা পর্যবেক্ষণের পরিধিকে আরও বিস্তৃত করেছে।

নির্বাচনী প্রক্রিয়ার ওপর গভীর নজর রাখতে গত বছরের ডিসেম্বরের শেষ দিক থেকে ১১ জন বিশ্লেষকের একটি মূল দল দেশে অবস্থান করছেন। তাঁদের সঙ্গে জানুয়ারির মাঝামাঝি সময় থেকে ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক দেশের ৬৪টি প্রশাসনিক জেলায় নিয়মিত কাজ করে যাচ্ছেন।

আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন ইইউ পর্যবেক্ষকরা দেশের শহর, পৌর এলাকা এবং গ্রামের বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ, গণনা এবং ফলাফলের তালিকা তৈরির পুরো প্রক্রিয়াটি সরাসরি পর্যবেক্ষণ করবেন।

নির্বাচন শেষে আগামী ১৪ ফেব্রুয়ারি ঢাকায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে ইইউ মিশনের প্রধান পর্যবেক্ষক ইভার ইজাবস তাঁদের প্রাথমিক পর্যবেক্ষণ এবং ফলাফল বিশ্ববাসীর সামনে তুলে ধরবেন।

এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন ইউরোপীয় ইউনিয়ন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর