ভোটের পরিবেশ খুবই ইতিবাচক : ইইউর প্রধান পর্যবেক্ষক
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:২৯
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভারস আইজাবস। ছবি : সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পর্যবেক্ষকরা ইতোমধ্যে মাঠে কাজ শুরু করেছেন জানিয়েছেন ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভারস আইজাবস। তিনি বলেন, নির্বাচনের পরিবেশ খুবই ইতিবাচক।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জানুয়ারির শুরু থেকে প্রায় ৬০ জন দীর্ঘমেয়াদি ইইউ পর্যবেক্ষক বাংলাদেশে অবস্থান করছেন জানিয়ে ইইউর প্রধান পর্যবেক্ষক বলেন, স্বল্পমেয়াদি পর্যবেক্ষকরাও আজ থেকে মাঠে কাজ শুরু করবেন। তারা সবাই পেশাগতভাবে অত্যন্ত দক্ষ।
তিনি আরও জানান, ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য রাষ্ট্র থেকেই পর্যবেক্ষক এসেছেন। পাশাপাশি ইইউর অংশীদার দেশ নরওয়ে, সুইজারল্যান্ড ও কানাডার পর্যবেক্ষকরাও এ মিশনে যুক্ত হয়েছেন।
পর্যবেক্ষক ইভারস আইজাবস সাংবাদিকদের জানান, বর্তমানে নির্বাচনী পরিবেশ খুবই ইতিবাচক। তবে কিছু বিষয় রয়েছে, যেগুলো নিয়ে আলোচনা প্রয়োজন। সামগ্রিকভাবে একটি আশাবাদী পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে।
প্রার্থী ও দেশের বিভিন্ন অঞ্চলের কর্তৃপক্ষের সঙ্গে তারা আলাপ করেছেন উল্লেখ করে তিনি বলেন, তাদের বেশিরভাগই মনে করছেন— এ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হতে পারে।
এমবি

