ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
মধ্যরাত থেকে সীমিত হচ্ছে যানচলাচল
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৩৮
ফাইল ছবি
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে ভোটগ্রহণের দিন এবং এর আগে-পরে নির্দিষ্ট সময়ের জন্য যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির সিদ্ধান্ত অনুযায়ী, ১১ ফেব্রুয়ারি রাত ১২টা (ভোটগ্রহণের আগের মধ্যরাত) থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা বা তিন দিন মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
একই সঙ্গে ১১ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত লঞ্চ ও ইঞ্জিনচালিত নৌকা (নির্দিষ্ট রুটে চলাচলকারী ব্যতীত) চলাচল বন্ধ থাকবে।
এর আগে নির্বাচন পরিচালনা-০২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে এসব নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ জানানো হয়।
তবে জরুরি সেবা ও বিশেষ প্রয়োজনের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিল থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী ও প্রশাসনের যানবাহন; অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক ও সংবাদমাধ্যমের গাড়ি; জরুরি চিকিৎসা ও ওষুধ পরিবহনের কাজে নিয়োজিত যানবাহন; বিমানবন্দরে যাতায়াতকারী যাত্রী বা তাঁদের স্বজনদের গাড়ি (টিকিট প্রদর্শন সাপেক্ষে) এবং দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন— এসব ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
এ ছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্টদের জন্য রিটার্নিং কর্মকর্তার অনুমোদন সাপেক্ষে একটি যানবাহন (জিপ/কার/মাইক্রোবাস) চলাচলের সুযোগ থাকবে। টেলিযোগাযোগ সেবায় নিয়োজিত বিটিআরসি ও লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের যানবাহনও এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, জাতীয় মহাসড়ক, বন্দর এবং আন্তঃজেলা বা মহানগর এলাকায় প্রবেশ ও বের হওয়ার গুরুত্বপূর্ণ সড়কে প্রয়োজনে নিষেধাজ্ঞা শিথিল রাখা যাবে। পাশাপাশি স্থানীয় পরিস্থিতি বিবেচনায় জেলা ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন পুলিশ কমিশনার চাইলে অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ বা শিথিল করার ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।
এসআইবি/এমএইচএস

