ভোটের দিন বিশৃঙ্খলা বরদাশত করা হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৫৫
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : বাংলাদেশের খবর
ভোটের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ফরিদপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, কেউ যদি নির্বাচনকে অশান্ত করার চেষ্টা করে, তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হবে, তা কল্পনারও বাইরে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
সভায় সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, আনসার ও কোস্ট গার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বৃহত্তর ফরিদপুর অঞ্চলের প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরাও অংশ নেন।
অপূর্ব অসীম/এমবি

