বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি, স্টল ভাড়া মওকুফ ৫৫ শতাংশ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২০:২২
গ্রাফিক্স : বাংলাদেশের খবর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কারণে ২০২৬ সালের অমর একুশে বইমেলা আগামী ২০ ফেব্রুয়ারি শুরু হবে। বইমেলা উপলক্ষে প্রকাশকদের স্টল ভাড়ার ৫৫ শতাংশ মওকুফের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে প্রকাশকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এ সময় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক, অমর একুশে বইমেলা ২০২৬ পরিচালনা কমিটির সদস্যসচিব ও পরিচালনা কমিটির কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারী প্রকাশকরা প্রকাশনা শিল্পের বর্তমান অবস্থা তুলে ধরে সরকারের কাছে বিভিন্ন দাবি পেশ করেন। উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী গ্রন্থনীতি প্রণয়নসহ অধিকাংশ দাবির সঙ্গে সহমত প্রকাশ করে এ বিষয়ে মন্ত্রণালয়ে লিখিত প্রস্তাব দেওয়ার আহ্বান জানান।
সভায় তিনি ঘোষণা দেন, আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া অমর একুশে বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশকদের স্টল ভাড়ার ৫৫ শতাংশ মওকুফ করবে সরকার।
উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ইতোমধ্যে যেসব প্রকাশক স্টল ভাড়ার টাকা বাংলা একাডেমিতে জমা দিয়েছেন, তাদের অতিরিক্ত জমাকৃত অর্থ বইমেলা কর্তৃপক্ষ ফেরত দেওয়ার ব্যবস্থা করবে। আর যারা এখনো টাকা জমা দেননি, তারা নবনির্ধারিত হারে সরাসরি টাকা জমা দিতে পারবেন।
এমবি

