সাড়ে ৪ কোটি তরুণের ব্যালটে নির্ধারণ হবে ২০২৮ প্রার্থীর ভাগ্য
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৩৬
দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ২ হাজার ২৮ জন প্রার্থী। তাঁদের জয়–পরাজয়ে বড় ভূমিকা রাখবেন তরুণ ভোটাররা। মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে ১৮ থেকে ৩৩ বছর বয়সী ভোটার রয়েছেন প্রায় সাড়ে ৪ কোটি। তরুণ ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা অঞ্চলে, আর সবচেয়ে কম ফরিদপুর অঞ্চলে।
নির্বাচন কমিশনের (ইসি) আওতাধীন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের ভোটার তালিকার সাম্প্রতিক হিসাব থেকে এসব তথ্য জানা গেছে।
জাতীয় যুবনীতি ২০১৭ অনুযায়ী, ১৮ থেকে ৩৫ বছর বয়সী নাগরিকদের যুব হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। তবে নির্বাচন কমিশনের বয়সভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, ৩৩ বছর বয়স পর্যন্ত ভোটারদের তরুণ হিসেবে বিবেচনা করা হয়েছে। উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, বর্তমানে ১৮ থেকে ৩৩ বছর বয়সী ভোটারের সংখ্যা প্রায় সাড়ে চার কোটি।
ভোটার সংখ্যা নিয়ে ইসির হালনাগাদ তথ্য
ইসির তথ্য অনুযায়ী, ১৮ থেকে ৩৩ বছর বয়সীদের মধ্যে সবচেয়ে বেশি ভোটার রয়েছেন ২৬ থেকে ২৯ বছর বয়সী শ্রেণিতে। এর পরেই রয়েছে ২২ থেকে ২৫ বছর বয়সী ভোটার। এই দুই শ্রেণি মিলিয়ে প্রায় আড়াই কোটি ভোটার রয়েছেন।
বর্তমানে দেশে ১৮–২১ বছর বয়সী ভোটার ৮৫ লাখ ৩১ হাজার ৫৩৮ জন, ২২–২৫ বছর বয়সী ১ কোটি ১৯ লাখ ৬২ হাজার ১০৬ জন, ২৬–২৯ বছর বয়সী ১ কোটি ২১ লাখ ৬৬ হাজার ১৬২ জন এবং ৩০–৩৩ বছর বয়সী ভোটার রয়েছেন ১ কোটি ৬ লাখ ৮৬ হাজার ৬১৫ জন।
বয়সভিত্তিক মোট ভোটারের চিত্র
তরুণদের পাশাপাশি মধ্যবয়সী ও জ্যেষ্ঠ ভোটারের সংখ্যাও কম নয়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৬০ বছরের বেশি বয়সী ভোটারের সংখ্যা ১ কোটি ৯৩ লাখের বেশি।
বয়সভিত্তিক হিসাবে ৩৪–৩৭ বছর বয়সী ভোটার ১ কোটি ২৩ লাখ ৬ হাজার ৭৫৫ জন, ৩৮–৪১ বছর বয়সী ১ কোটি ৩০ লাখ ২৬ হাজার ৪৫০ জন, ৪২–৪৫ বছর বয়সী ১ কোটি ২৩ লাখ ২৩ হাজার ৪২ জন, ৪৬–৪৯ বছর বয়সী ৯২ লাখ ৩৯ হাজার ৭২৩ জন, ৫০–৫৩ বছর বয়সী ৮০ লাখ ৫৪ হাজার ৫৬০ জন, ৫৪–৫৭ বছর বয়সী ৬৩ লাখ ৪২ হাজার ২৮ জন, ৫৮–৬০ বছর বয়সী ৫১ লাখ ৮১ হাজার ১০৩ জন এবং ৬০ বছরের বেশি বয়সী ভোটার রয়েছেন ১ কোটি ৯৩ লাখ ৫১ হাজার ৯৯৪ জন।
অঞ্চলভিত্তিক ভোটার বিন্যাস
অঞ্চলভিত্তিক হিসাবে ভোটার সংখ্যায় শীর্ষে রয়েছে ঢাকা অঞ্চল। অন্যদিকে, সবচেয়ে কম ভোটার ফরিদপুর অঞ্চলে।
ঢাকা অঞ্চলে ভোটার ১ কোটি ৮৩ লাখ ৪৪ হাজার ৯৬৫ জন, রাজশাহী অঞ্চলে ১ কোটি ৬৩ লাখ ৭৮ হাজার ৮০ জন, ময়মনসিংহ অঞ্চলে ১ কোটি ৬৩ লাখ ৯ হাজার ২৭১ জন, কুমিল্লা অঞ্চলে ১ কোটি ৫৭ লাখ ৬৮ হাজার ৫০ জন, খুলনা অঞ্চলে ১ কোটি ৪২ লাখ ৩৫ হাজার ৬১০ জন, রংপুর অঞ্চলে ১ কোটি ৪১ লাখ ৮৪ হাজার ১২২ জন, চট্টগ্রাম অঞ্চলে ৯৯ লাখ ১১ হাজার ৩২০ জন, সিলেট অঞ্চলে ৮৪ লাখ ৪৫ হাজার ৮২২ জন, বরিশাল অঞ্চলে ৭৯ লাখ ৮১ হাজার ১২৭ জন এবং ফরিদপুর অঞ্চলে ৬১ লাখ ৫৩ হাজার ৫২৬ জন ভোটার রয়েছেন।
এএস/

