Logo

জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে চার বিদেশি পর্যবেক্ষক দলের সাক্ষাৎ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:২৯

প্রধান উপদেষ্টার সঙ্গে চার বিদেশি পর্যবেক্ষক দলের সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদেশি চারটি পর্যবেক্ষক দলের সাক্ষাৎ হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসব সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সাবেক কংগ্রেসম্যান ডেভিড ড্রেয়ার।

এ ছাড়া কমনওয়েলথ অবজারভার গ্রুপের একটি প্রতিনিধিদল গত সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। কমনওয়েলথ অবজারভার গ্রুপের চেয়ারম্যান ও ঘানার সাবেক রাষ্ট্রপতি এইচ. ই. নানা আকুফো-আডো ২৩ সদস্যের ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

মঙ্গলবার তুরস্কের সাত সদস্যের একটি নির্বাচনী পর্যবেক্ষক দলও প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। তুরস্কের পার্লামেন্ট সদস্যদের নিয়ে গঠিত এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন টার্কিশ–বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারপার্সন মেহমেত আকিফ ইলমাজ।

একই দিনে জাপানের নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এতে নেতৃত্ব দেন রাষ্ট্রদূত ও জাপানের নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান মাসাতো ওয়াতানাবে। মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানায়।

জাপানি প্রতিনিধিদলে ছিলেন রিক্কিও বিশ্ববিদ্যালয়ের আন্তঃসাংস্কৃতিক যোগাযোগ কলেজের সহযোগী অধ্যাপক নাওনোরি কুসাকাবে, জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পশ্চিম এশিয়া বিভাগের প্রধান উপপরিচালক সোনোকো ইচিমুরা, একই বিভাগের সহকারী পরিচালক ইয়োশিয়াকি কোবায়াশি, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি, জাপান দূতাবাসের প্রথম সচিব ও রাজনৈতিক শাখার প্রধান কোমিনে কেন, রাজনৈতিক শাখার দ্বিতীয় সচিব নিশি ইউকি এবং দূতাবাসের রাজনৈতিক শাখার উপদেষ্টা সোনে কেইতা।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি–বিষয়ক সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগর অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ নূরে আলম।

এএস/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর