নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় নজিরবিহীন প্রস্তুতি
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২০
ছবি : সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষায় দেশের নির্বাচনী ইতিহাসে নজিরবিহীন প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটার, ভোটকেন্দ্র, নির্বাচন কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, আনসার, কোস্ট গার্ড ও বিএনসিসহ প্রায় সব বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে। এর অংশ হিসেবে ১ লাখ ৩ হাজার সেনাসদস্য, ৩ হাজার ৫০০ জন বিমানবাহিনীর সদস্য, ৫ হাজার নৌবাহিনীর সদস্য, ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য, ৩ হাজার ৫৮৫ জন র্যাব সদস্য এবং ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে।
এ ছাড়া ভোটকেন্দ্র ও আশপাশের নিরাপত্তা নিশ্চিতে ৫ লাখ ৬৭ হাজার ৮৬৮ জন আনসার সদস্য এবং ৯ হাজার ৩৪৯ জন আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি বিএনসিসির ১ হাজার ৯২২ জন সদস্যও নির্বাচনী দায়িত্বে থাকবেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই বহুমাত্রিক উপস্থিতির মাধ্যমে যেকোনো ধরনের সহিংসতা, অনিয়ম ও বিশৃঙ্খলা প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে।
নির্বাচনী ব্যয়ের বড় একটি অংশ বরাদ্দ রাখা হয়েছে আইনশৃঙ্খলা খাতে। মোট ৩ হাজার ১৫০ কোটি টাকার ব্যয়ের মধ্যে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা ব্যয় করা হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষায়, যা মোট ব্যয়ের প্রায় ৪০ শতাংশ। এর মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ পাচ্ছে আনসার বাহিনী। এরপরই রয়েছে পুলিশ, তিন বাহিনী (সেনা, নৌ ও বিমান), বিজিবি ও র্যাব।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘অতীতের যেকোনো সময়ের তুলনায় এবারের নির্বাচনী পরিবেশ ভালো। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশন সন্তুষ্ট।’
তিনি রাজনৈতিক দল, প্রার্থী, ভোটার ও সমর্থকদের শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে সহযোগিতার আহ্বান জানান।
এসআইবি/এমএইচএস

