ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট
অর্ধেকের বেশি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, বাড়তি নিরাপত্তা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪১
নির্বাচনী এলাকাগুলোতে টহল বাড়িয়েছে বিভিন্ন বাহিনীর সদস্য। ছবি : সংগৃহীত
আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে অর্ধেকের বেশি ভোটকেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ বা ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব কেন্দ্রে ভোটগ্রহণ নির্বিঘ্ন করতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ইসি সূত্রে জানা গেছে, মেট্রোপলিটন এলাকার সাধারণ কেন্দ্রে ১৬ থেকে ১৭ জন এবং অন্যান্য এলাকার সাধারণ কেন্দ্রে ১৭ থেকে ১৮ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবেন। পার্বত্য ও দুর্গম এলাকার সাধারণ কেন্দ্রে ১৭ জন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ১৮ জন সদস্য দায়িত্ব পালন করবেন।
নির্বাচন কমিশন আরও জানায়, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর ৯০ শতাংশই সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। যেসব দুর্গম স্থানে সিসি ক্যামেরা স্থাপন সম্ভব হয়নি, সেখানে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ‘বডি অন ক্যামেরা’ (Body-worn camera) ব্যবহার করবেন।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩২ জন। সারাদেশে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, যার মধ্যে ২১ হাজার ৫০৬টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে মোট ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন ভোটকর্মী দায়িত্ব পালন করবেন।
নির্বাচনী নিরাপত্তায় নিয়োজিত থাকবে বিশাল এক বাহিনী। এর মধ্যে রয়েছে সেনাবাহিনীর ১ লাখ ৩ হাজার, নৌবাহিনীর ৫ হাজার (উপকূলীয় ৫ জেলায়) এবং বিমানবাহিনীর ৩ হাজার ৫০০ সদস্য। এ ছাড়া বিজিবি ৩৭ হাজার ৪৫৩ জন, কোস্ট গার্ড ৩ হাজার ৫৮৫ জন, পুলিশ ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন, র্যাব ৯ হাজার ৩৪৯ জন, আনসার ৫ লাখ ৬৭ হাজার ৮৬৮ জন এবং বিএনসিসির ১ হাজার ৯২২ জন সদস্য মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন।
এসআইবি/এমএইচএস

