ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট
দেশের বিভিন্ন কেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে ব্যালট
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৯
ছবি : সংগৃহীত
প্রহর গুনছে দেশ। আগামীকাল ১২ ফেব্রুয়ারি বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই গণতান্ত্রিক মহাযজ্ঞের প্রস্তুতি সম্পন্ন করতে দেশজুড়ে উৎসবমুখর ও টানটান উত্তেজনাপূর্ণ পরিবেশ বিরাজ করছে। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকেই দেশের বিভিন্ন কেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে ব্যালট পেপার, ব্যালট বক্সসহ নির্বাচনী সব সরঞ্জাম।
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, আজ বুধবার রাতের মধ্যেই ঢাকার বাইরের সব ভোটকেন্দ্রে প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম পৌঁছে যাবে। অন্যদিকে, ঢাকাসহ বড় শহরগুলোতে আজ বিকেলের পর থেকেই কেন্দ্রে কেন্দ্রে সরঞ্জাম পাঠানোর কাজ শুরু হয়েছে।
এবারের নির্বাচনে ভোটারদের দুটি পৃথক ব্যালট পেপারে ভোট দিতে হবে। একটি সাদা রঙের ব্যালট, যা সংসদ সদস্য নির্বাচনের জন্য; আর অন্যটি গোলাপি রঙের ব্যালট, যা গণভোটের জন্য ব্যবহৃত হবে। আগামীকাল সকাল ৭টা থেকে বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৯ লাখ ৫৮ হাজার সদস্য মাঠে মোতায়েন করা হয়েছে। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম গতকাল মঙ্গলবার জানিয়েছেন, নির্বাচনী নিরাপত্তা নিশ্চিতে তিন স্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে— কেন্দ্রভিত্তিক নিরাপত্তা, ভ্রাম্যমাণ টিম এবং স্ট্রাইকিং ফোর্স।
আইজিপি বলেন, ‘যে পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, তাতে নির্বাচনকে বাধাগ্রস্ত করার শক্তি কারও নেই। বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটলেও নির্বাচনী প্রক্রিয়া কেউ রুখতে পারবে না।’
সারাদেশে প্রায় ৮ হাজার ৭৭০টি কেন্দ্রকে ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’ এবং ১৬ হাজার কেন্দ্রকে ‘মধ্যম ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সশস্ত্র বাহিনী। পাশাপাশি দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সিসি ক্যামেরা ও ড্রোন নজরদারির ব্যবস্থা রেখেছে কমিশন।
ইসি জানিয়েছে, ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে আসতে পারেন এবং পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি চূড়ান্ত।
এমএইচএস

