দেশে পৌঁছাল ৪ লাখ ৮১ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৬
গ্রাফিক্স : বাংলাদেশের খবর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে প্রবাসীদের পাঠানো ৪ লাখ ৮১ হাজার ১৮৫টি পোস্টাল ব্যালট দেশে এসে পৌঁছেছে। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটাররা এসব ব্যালট পাঠিয়েছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।
সালীম আহমাদ খান জানান, বুধবার সকাল সোয়া ৯টা পর্যন্ত অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসীদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২৮ হাজার ৫৭৯ জন ব্যালট গ্রহণ করেছেন এবং ইতোমধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৫ লাখ ১৫ হাজার ৬১৯ জন।
তিনি আরও জানান, ৫ লাখ ৭ হাজার ৩২৭ জন প্রবাসী ভোটার তাঁদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বিভাগে জমা দিয়েছেন। এর মধ্যে ৪ লাখ ৪৪ হাজার ৪৩৬টি ব্যালট রিটার্নিং কর্মকর্তারা বুঝে পেয়েছেন।
বিদেশের পাশাপাশি দেশের অভ্যন্তরে (আইসিপিভি) অবস্থানরত ভোটারদের কাছেও পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ পর্যন্ত দেশের ৭ লাখ ৬০ হাজার ৮৯৮ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে।
ইসির সর্বশেষ তথ্য অনুযায়ী, আজ বুধবার সকাল সোয়া ৯টা পর্যন্ত দেশের ভেতরে ৬ লাখ ১০ হাজার ৬৫০ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্যে ভোট দিয়েছেন ৫ লাখ ৮০ হাজার ৬৬৫ জন। ৫ লাখ ৬১ হাজার ১৩৯ জন তাদের ব্যালট পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তারা এ পর্যন্ত ৪ লাখ ৩৮ হাজার ৯৫১টি ব্যালট গ্রহণ করেছেন।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশে ও প্রবাসে মিলিয়ে এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন। নির্বাচন কমিশন আশা করছে, বাকি ব্যালটগুলোও দ্রুত সময়ের মধ্যে রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছে যাবে।
এমএইচএস

