Logo

জাতীয়

সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান প্রধান উপদেষ্টা ড. ইউনূসের

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৪৬

সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান প্রধান উপদেষ্টা ড. ইউনূসের

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের সকল শ্রেণি-পেশার ভোটারদের সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ‘গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ সামনে রেখে দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান।

বাণীতে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এ যুগান্তকারী গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি অনন্য ও তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। এটি কেবল একটি সাংবিধানিক প্রক্রিয়া নয়; বরং দেশের ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা, গণতান্ত্রিক ধারা ও জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতিফলনের গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ।

তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত জাতি জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা প্রকাশ করেছে, এ নির্বাচন সেই আকাঙ্ক্ষার প্রাতিষ্ঠানিক বহিঃপ্রকাশ। গণভোটের মাধ্যমে জনগণ ভবিষ্যৎ রাষ্ট্রকাঠামো ও শাসনব্যবস্থা সম্পর্কে তাদের মতামত দেবেন এবং জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দায়িত্বশীল ও জনআকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল প্রতিনিধিদের নির্বাচন করবেন।

ড. ইউনূস বলেন, এবার বিপুলসংখ্যক তরুণ প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। পাশাপাশি অনেক পূর্ণবয়স্ক নাগরিকও দীর্ঘ সময় পর প্রকৃত অর্থে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। তাই নির্বাচন যেন প্রতিটি ভোটারের কাছে শঙ্কামুক্ত, বিশ্বাসযোগ্য ও উৎসবমুখর গণতান্ত্রিক অভিজ্ঞতায় পরিণত হয়, তা নিশ্চিত করা সকলের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। এ লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলেও জানান তিনি।

একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই গণতান্ত্রিক রাষ্ট্রের মূল ভিত্তি উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, কোনো ভয়ভীতি বা প্রভাব ছাড়াই যাতে নাগরিকরা স্বাধীনভাবে ভোট দিতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ পেশাদারত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে রাজনৈতিক দল ও প্রার্থীদের সংযম, সহনশীলতা ও গণতান্ত্রিক আচরণ বজায় রাখার আহ্বান জানান তিনি।

বাণীর শেষাংশে তিনি বলেন, গণতন্ত্রের এ ঐতিহাসিক অভিযাত্রায় সক্রিয় অংশগ্রহণ একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে সহায়ক হবে।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রধান উপদেষ্টা ড. ইউনূস সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর