Logo

জাতীয়

সারাদেশে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন হচ্ছে : সিইসি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০১

সারাদেশে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন হচ্ছে : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

রাজধানীসহ সারাদেশে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, ভোটকে ঘিরে মানুষের মধ্যে ঈদের আনন্দের মতো উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ‘আমরা বলেছিলাম উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে, আজ তা প্রতিফলিত হচ্ছে।’

তিনি জানান, সারাদেশে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ চলছে। দুই-একটি কেন্দ্র ছাড়া কোথাও বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। ‘বাংলাদেশ আজ গণতন্ত্রের ট্রেনে উঠল, সে ট্রেন গন্তব্যে পৌঁছাবে।’

এবারের নির্বাচনকে ২০২৬ সালের সবচেয়ে বড় আয়োজন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন দেশের নির্বাচন কমিশনের প্রধানদের সঙ্গে এ নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে।

নির্বাচন পরিচালনায় সারাদেশে প্রায় ১৭ লাখ মানুষ বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করছেন। তাদের সবাইকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রসঙ্গে সিইসি বলেন, ‘আমরা কারও পক্ষে নই, কারও বিপক্ষেও নই। আমরা সুষ্ঠু নির্বাচন দিচ্ছি। কেন্দ্র দখল, ব্যালট বাক্স দখল— এসব ভুলে যান।’

তিনি আরও জানান, ব্যক্তিগত উদ্যোগে তিনি বিভিন্ন জেলার রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। কঠোরভাবে নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশনা দিয়েছেন।

সিইসি বলেন, ‘আমি তাদের বলেছি, আপনি শুধু নিরপেক্ষ হলেই হবে না, আপনার অধীনে যারা কাজ করবে, তাদেরও নিরপেক্ষ হতে হবে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে অপতথ্য ছড়ানো রোধে কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।

এসআইবি/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সিইসি সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর