Logo

জাতীয়

ঢাকার ৮ কেন্দ্রে দুই ঘণ্টায় ভোট পড়েছে ৬ থেকে ১৩ শতাংশ

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০০

ঢাকার ৮ কেন্দ্রে দুই ঘণ্টায় ভোট পড়েছে ৬ থেকে ১৩ শতাংশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রাজধানীর পাঁচটি আসনের আটটি কেন্দ্রের প্রথম দুই ঘণ্টার ভোটগ্রহণের তথ্য বিশ্লেষণ করা হলে দেখা গেছে, ভোট পড়ার হার ৬ থেকে ১৩ শতাংশের মধ্যে। এ আসনগুলো হলো ঢাকা-৬, ১২, ১৩, ১৪ ও ১৫।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণে ভোটাররা কেন্দ্রগুলোতে আসতে শুরু করেন। তবে চারটি কেন্দ্রে দেখা গেছে, ভোটাররা দুই থেকে তিন মিনিটে ভোট দিতে পারছেন। প্রথমবার ভোট দিতে আসা অনেক ভোটার উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

ঢাকা-১১ আসনের এ কে এম রহমতউল্লাহ কলেজ কেন্দ্রে ভোট দেন সাদিয়া আক্তার। তিনি বলেন, প্রথমবার ভোট দিতে এসে খুবই ভালো লাগছে। ভোট দিতে কোনো অসুবিধা হয়নি।

অন্যদিকে বেরাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন ইন্নি আক্তার (২২)। স্বামীর কর্মস্থলের সুবাদে তিনি সাভারে থাকেন। ইন্নি আক্তার জানান, ভোট দেওয়ার জন্য সাভার থেকে আসা হয়েছে। ‘প্রথমবার ভোট দিচ্ছি। আমার ভোট আমি দিচ্ছি। ভোট জালিয়াতি হচ্ছে না।’

ভোট পড়ার হার : 

ঢাকা-১৫ আসনের বিজয় ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে সকাল ১০টা পর্যন্ত মোট ২ হাজার ২০০ জন ভোটারের মধ্যে ৩০০ জন ভোট দিয়েছেন। ভোট পড়ার হার ১৩ দশমিক ৬৩ শতাংশ। এ কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার হাবিবুর রহমান এ বিষয়টি জানিয়েছেন।

এ আসনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী— দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম খান। ভোট কেন্দ্রগুলোতে উভয়ের এজেন্টরা উপস্থিত থেকে ভোট পর্যবেক্ষণ করছেন।

ঢাকা-১২ আসনের নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয়ের ৪৬ নম্বর কেন্দ্রে ২ হাজার ৮৫৪ জন ভোটারের মধ্যে প্রথম দুই ঘণ্টায় ভোট পড়েছে ৮ শতাংশ। দুই ঘণ্টায় ভোট পড়েছে ২২৫টি। এ কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার মো. ওয়ালী উল্লাহ এ বিষয়টি জানিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে তিনটি কেন্দ্র রয়েছে। এর একটি কেন্দ্র নারীদের জন্য। সেখানে ভোটার রয়েছেন ২ হাজার ৫৬৫ জন। কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা মোহাম্মদ হেলালউদ্দীন বলেন, নারী ভোটারদের এ কেন্দ্রে প্রথম দুই ঘণ্টায় ১৭২টি ভোট পড়েছে। অর্থাৎ প্রথম দুই ঘণ্টায় ভোট পড়েছে ৭ শতাংশ।

আরেকটি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ বলেন, কেন্দ্রটিতে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা ভোটার। এখানে ১ হাজার ৪২৬ জন ভোটারের মধ্যে প্রথম দুই ঘণ্টায় ১৮০ জন ভোট দিয়েছেন। অর্থাৎ ভোট পড়েছে ১২ দশমিক ৬২ শতাংশ।

একই আসনের বড় মগবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ৬ হাজার ৭৩৭ জন। প্রথম দুই ঘণ্টায় ভোট পড়েছে ৪৬০টি (নারী ২০১, পুরুষ ২৫৯)। ভোট পড়ার হার ৭ শতাংশের কিছু কম।

ঢাকা-১৩ আসনের মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজের দুটি কেন্দ্রে প্রথম দুই ঘণ্টায় ৭ দশমিক ১৪ শতাংশ ভোট পড়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে দুই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা এসব তথ্য জানান।

সরকারি শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে একটি নারী ও একটি পুরুষ কেন্দ্র রয়েছে। দুটি কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৯৯৩ জন। এর মধ্যে পুরুষ ২ হাজার ৬৪০ এবং নারী ২ হাজার ৩৫৩ জন। দুই কেন্দ্রে বুথ সংখ্যা ১০টি (পাঁচটি নারী, পাঁচটি পুরুষ)।

পুরুষ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, প্রথম দুই ঘণ্টায় পুরুষ কেন্দ্রে ২ হাজার ৬৪০ জনের মধ্যে ২০০ জন ভোট দিয়েছেন। ভোটগ্রহণের হার ৭ দশমিক ৫৭ শতাংশ।

অন্যদিকে নারী ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা বাদল মিয়া বলেন, প্রথম দুই ঘণ্টায় ১৫৮ জন ভোট দিয়েছেন। এ কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ২ হাজার ৩৫৩ জন। ভোট প্রদানের হার ৬ দশমিক ৭১ শতাংশ।

ঢাকা-১৪ আসনের বাংলাদেশ-কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে প্রথম দুই ঘণ্টায় মোট ৩৪৪টি ভোট পড়েছে। সেখানে ভোটার ২ হাজার ৭৯৯ জন। ভোট পড়ার হার ১২ দশমিক ২৯ শতাংশ।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন গণভোট

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর