৩৬ হাজার কেন্দ্রে ভোট পড়েছে ৪৭.৯১ শতাংশ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৪২
ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দুপুর ২টা পর্যন্ত দেশের ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে গড়ে ৪৭ দশমিক ৯১ শতাংশ ভোট পড়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
ইসি সচিব বলেন, ‘এবারের নির্বাচনে সারাদেশে মোট ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে বিকেল ৪টা পর্যন্ত আমরা ৩৬ হাজার ৩১টি কেন্দ্রের তথ্য পেয়েছি। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত এসব কেন্দ্রে ৪৭ দশমিক ৯১ শতাংশ ভোট সংগৃহীত হয়েছে।’
সার্বিক পরিস্থিতির বিষয়ে সন্তোষ প্রকাশ করে সচিব বলেন, ‘এখন পর্যন্ত ভোটের পরিস্থিতি ভালো রয়েছে। আমি নিজে কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেছি, সেখানে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।’
কোনো কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত বা বন্ধ করা হবে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের কাছে অনিয়মের কয়েকটি অভিযোগ এসেছে। তবে বিষয়টি তদন্ত না করে এই মুহূর্তে সুনির্দিষ্টভাবে কিছু বলা যাচ্ছে না।’
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন। দেশের ২৯৯টি সংসদীয় আসনে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

