Logo

জাতীয়

ভোটের দিনে ছয় জেলায় ছয়জনের মৃত্যু

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৫৫

ভোটের দিনে ছয় জেলায় ছয়জনের মৃত্যু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলাকালে দেশের বিভিন্ন এলাকায় ছয়জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও গাইবান্ধায় এসব ঘটনা ঘটে। তাদের মধ্যে পাঁচজন অসুস্থ হয়ে মারা গেছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। খুলনায় এক বিএনপি নেতার মৃত্যু ঘিরে ধাক্কার অভিযোগ উঠলেও পুলিশ তা অস্বীকার করেছে।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দায়িত্ব পালনকালে এক পোলিং কর্মকর্তার মৃত্যু হয়েছে। মুজাহিদুল ইসলাম (৪৮) নজরুল ইসলাম অডিটোরিয়াম কেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন। সকাল ৯টার দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন জানান, প্রাথমিকভাবে মস্তিষ্কে রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

খুলনায় আলিয়া মাদ্রাসা কেন্দ্রের বাইরে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে উত্তেজনার মধ্যে মহিবুজ্জামান কচি (৫৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়। বিএনপির অভিযোগ, ধাক্কা লেগে তিনি গাছের সঙ্গে আঘাত পান। তবে জামায়াত নেতারা দাবি করেছেন, তিনি অসুস্থ হয়ে পড়েন। সদর থানা পুলিশের এসআই খান ফয়সাল রাফি বলেন, ধাক্কাধাক্কি বা হাতাহাতির ঘটনা ঘটেনি।

মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে গিয়ে বাবু মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ মারা যান। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোটার স্লিপ নিয়ে ভেতরে যাওয়ার সময় মাথা ঘুরে পড়ে যান তিনি। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। পরিবারের দাবি, তিনি স্ট্রোক করেছিলেন।

চট্টগ্রাম মহানগরীর কাজীর দেউড়ি বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মো. মনু মিয়া (৬২) মারা যান। ভোটকক্ষে প্রবেশের আগে লাইনে দাঁড়ানো অবস্থায় তিনি পড়ে যান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাইবান্ধার সাঘাটা উপজেলার ওসমানেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ভোট দিয়ে ফেরার পথে বাশেদ আলী নামে এক বৃদ্ধ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল কবির বলেন, এটি স্বাভাবিক মৃত্যু বলে জানা গেছে।

রাজধানীর যাত্রাবাড়ীর অগ্রদূত বিদ্যা নিকেতন কেন্দ্রে ভোট দিতে গিয়ে সিঁড়িতে অসুস্থ হয়ে আলী আবু সাঈদ সরকার (৫৩) মারা যান। তিনি হৃদরোগে ভুগছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চললেও এসব মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে আসে। প্রশাসন বলছে, অধিকাংশ ক্ষেত্রেই অসুস্থতাজনিত কারণেই মৃত্যু হয়েছে।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন মৃত্যু

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর