সংসদ নির্বাচনে ভোট পড়েছে ৫৯.৪৪ শতাংশ : ইসি
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৯
ছবি : বাংলাদেশের খবর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ২৯৯টি সংসদীয় আসনে মোট ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ইসির পরিচালক (জনসংযোগ) তথ্য কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানিয়েছেন।
এর আগে শুক্রবার সকালে ফলাফল ঘোষণা কার্যক্রম শেষ করেছে নির্বাচন কমিশন। এরপর বেলা সাড়ে ১১টার দিকে ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক সাংবাদিকদের জানান, ‘প্রদত্ত ভোটের শতকরা হার ৫৯ দশমিক ৪৪ শতাংশ।’
বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিটে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় শেষ হয়। সারাদেশে ২৯৯টি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
শেরপুর-৩ আসনে প্রার্থীর মৃত্যুতে ভোট স্থগিত রয়েছে। এ নির্বাচনে ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার মধ্যে রাজনৈতিক দলের ১ হাজার ৭৫৫ জন ও স্বতন্ত্র ২৭৩ জন। নারী প্রার্থী রয়েছেন ৮৩ জন। মোট ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রের মধ্যে ২১ হাজার ৫০৬টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। ভোটগ্রহণে প্রায় ৭ লাখ ৮৫ হাজার কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য মোতায়েন রয়েছে। নির্বাচন পর্যবেক্ষণে ৫৪০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক বাংলাদেশে অবস্থান করছেন।
ডিআর/এমবি

