Logo

জাতীয়

ইসি সানাউল্লাহ

সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হওয়ায় গণতান্ত্রিক প্রক্রিয়া শক্ত ভিত্তি পেয়েছে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০৪

সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হওয়ায় গণতান্ত্রিক প্রক্রিয়া শক্ত ভিত্তি পেয়েছে

ছবি : বাংলাদেশের খবর

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সব ধরনের আশঙ্কা কেটে গেছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ। তিনি বলেছেন, উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্ত ভিত্তি পেয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন ভবনে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সানাউল্লাহ বলেন, ‘১৩ ফেব্রুয়ারির সকালটি বাংলাদেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ সকাল হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। গণতান্ত্রিক অভিযাত্রায় এই নির্বাচন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।’

তিনি জানান, নির্বাচন কমিশনের একমাত্র অঙ্গীকার ছিল আইন প্রয়োগে নিরপেক্ষ থাকা এবং একটি স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়া। ‘সেই লক্ষ্যেই আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। কোথাও কোনো ত্রুটি হয়ে থাকলে তা অনিচ্ছাকৃত,’ বলেন তিনি। তার ভাষ্যমতে, নির্বাচনকে কমিশন কেবল সাংবিধানিক দায়িত্ব হিসেবে নয়, বরং একটি আমানত হিসেবে গ্রহণ করেছিল।

দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সানাউল্লাহ বলেন, ভোটাররা ঈদের উৎসবের মতো পরিবেশে কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিয়েছেন। এতে নির্বাচন ঘিরে যে শঙ্কা ছিল, তা দূর হয়েছে। ‘জাতি হিসেবে বাংলাদেশ আজ বিজয়ী,’ যোগ করেন তিনি।

নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত দেশি-বিদেশি সাংবাদিক, পর্যবেক্ষক, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিএনসিসির শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার প্রতিও কৃতজ্ঞতা জানান নির্বাচন কমিশনার।

এসআইবি/এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন গণভোট নির্বাচন কমিশন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর