ত্রয়োদশ জাতীয় নির্বাচন গণতান্ত্রিক অগ্রযাত্রায় মাইলফলক : ধর্ম উপদেষ্টা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৪২
ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। নানা প্রত্যাশা, রাজনৈতিক বিতর্ক ও চ্যালেঞ্জের মধ্যেও একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন হওয়া রাষ্ট্রীয় সক্ষমতার স্বাক্ষর বহন করে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আসাদগেটে নিউ কলোনি জামে মসজিদের ৮ তলা ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, নানা প্রতিকূলতার মাঝে এই নির্বাচন সম্পন্ন করা সরকারের জন্য একটি উল্লেখযোগ্য প্রশাসনিক সাফল্য। বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা ছিল একটি বড় চ্যালেঞ্জ। তবে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় ভোটগ্রহণের পরিবেশ শান্তিপূর্ণ রাখা সম্ভব হয়েছে, যা সাধারণ ভোটারদের মধ্যে আস্থা বৃদ্ধি করেছে।
তিনি আরও বলেন, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই নির্বাচনকে প্রাণবন্ত করেছে। জনগণের এই উপস্থিতি প্রমাণ করে যে, দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগে যথেষ্ট সচেতন ও আগ্রহী। সাধারণ মানুষের এই অংশগ্রহণই গণতন্ত্রের প্রাণশক্তিকে আরও দৃঢ় করেছে।
অধ্যাপক খালিদ হোসেনের মতে, গণতন্ত্র কেবল একটি ভোটের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি আস্থা, স্বচ্ছতা ও জবাবদিহির একটি সমন্বিত চর্চা। ১২ ফেব্রুয়ারির এই নির্বাচন সেই ধারাবাহিকতাকে আরও শক্তিশালী করার পাশাপাশি রাষ্ট্রীয় সক্ষমতার একটি ইতিবাচক দিক ফুটিয়ে তুলেছে।
উল্লেখ্য, আসাদগেটের এই মসজিদটি নির্মাণে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে ১৮ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ, ধর্ম সচিব মো. কামাল উদ্দীন এবং মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মনিরুজ্জামান।
এমএইচএস

