Logo

জাতীয়

তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৩৬

তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

ছবি কোলাজ : বাংলাদেশের খবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে দায়িত্বশীল ভূমিকা রাখায় তিন প্রধান রাজনৈতিক নেতার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) পৃথক ফোনালাপে তিনি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে অভিনন্দন ও ধন্যবাদ জানান।

প্রধান উপদেষ্টা প্রথমে বিএনপি নেতা তারেক রহমানের সঙ্গে কথা বলেন। আলাপকালে তিনি নির্বাচনে বিএনপির বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ে তাকে আন্তরিক অভিনন্দন জানান। রাজনৈতিক দলগুলোর সংযম ও পরিমিতিবোধের কারণে সারাদেশে একটি শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় ছিল বলে তিনি উল্লেখ করেন।

পরবর্তীতে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এবং এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে কথা বলেন প্রফেসর ইউনূস। নির্বাচনে তাদের দলের সাফল্য এবং ভোট-পরবর্তী সময়ে দায়িত্বশীল ও ইতিবাচক ভূমিকা পালনের জন্য তিনি উভয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করে বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে ভবিষ্যতেও রাজনৈতিক দলগুলো এভাবেই সহযোগিতামূলক ভূমিকা পালন করবে। দেশের মানুষের প্রত্যাশা পূরণে এবং রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন তারেক রহমান জামায়াত আমির নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর