Logo

জাতীয়

নির্বাচন ও গণভোট আয়োজনে বাংলাদেশকে জাতিসংঘের অভিনন্দন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০:০১

নির্বাচন ও গণভোট আয়োজনে বাংলাদেশকে জাতিসংঘের অভিনন্দন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সফলভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক বার্তায় সংস্থাটি এই অভিনন্দন জানায় এবং একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে বাংলাদেশকে অব্যাহত সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের পক্ষ থেকে দেওয়া এই বার্তায় সকল রাজনৈতিক অংশীজনকে গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখার আহ্বান জানানো হয়েছে। মহাসচিব জাতীয় সংহতি জোরদার করতে এবং আইনের শাসন ও গণতান্ত্রিক মূল্যবোধকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দেশের এই রূপান্তরের গতি ধরে রাখতে রাজনৈতিক সদিচ্ছা অপরিহার্য।

জাতিসংঘের বার্তায় দেশের সকল নাগরিকের মানবাধিকার পূর্ণভাবে নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত করতে সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে। সংস্থাটি মনে করে, একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সংস্কার কার্যক্রম অনুসরণের মাধ্যমেই দেশ কাঙ্ক্ষিত সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারে।

এর আগে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক সাংবাদিকদের এই অবস্থানের কথা জানান। তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশ যখন একটি বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, তখন রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জাতিসংঘের বার্তায় পুনর্ব্যক্ত করা হয়েছে যে, বাংলাদেশকে একটি সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রচেষ্টায় সংস্থাটির কারিগরি ও নীতিনির্ধারণী সহযোগিতা আগের মতোই অব্যাহত থাকবে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অর্জন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে জাতিসংঘ বাংলাদেশের পাশে থাকবে।

এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন জাতিসংঘ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর