Logo

জাতীয়

মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিল, নতুন সচিব সিরাজ উদ্দিন মিয়া

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১:১৮

মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিল, নতুন সচিব সিরাজ উদ্দিন মিয়া

এম সিরাজ উদ্দিন মিয়া। ফাইল ছবি

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। একই সাথে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীর সই করা প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৪ সালের ৮ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনমূলে ড. শেখ আব্দুর রশীদকে (পরিচিতি নং-১৫৩০) মন্ত্রিপরিষদ সচিব পদে যে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল, তার অবশিষ্ট মেয়াদ এখন বাতিল করা হলো। জনস্বার্থে জারি করা এই আদেশ আজ থেকেই কার্যকর হয়েছে।

অন্য এক আদেশে জানানো হয়, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াকে তার বর্তমান পদের পাশাপাশি মন্ত্রিপরিষদ সচিব হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর ড. শেখ আব্দুর রশীদকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পদে দায়িত্ব দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। তার মেয়াদের মধ্যেই আজ নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে এই পরিবর্তন আনা হলো।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতকোত্তর সিরাজ উদ্দিন মিয়া ১৯৮২ বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। ২০০৯ সালে যুগ্ম সচিব অবস্থায় ওএসডি হন এই কর্মকর্তা। পরে ২০১৬ সালে তিনি অবসরে যান।

পরিচিত মহলে সিরাজ উদ্দিন সাথী নামে পরিচিত এই কর্মকর্তা আমলাতন্ত্র, মুক্তিযুদ্ধ, সমাজ বিবর্তন, ধর্ম চিন্তা, অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ে ৩২টি বই লিখেছেন। তার প্রথম বই ‘বেলতৈল গ্রামের জরিমন ও অন্যান্য’ সম্পাদনা করেছেন বর্তমান প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। 

আমলাতন্ত্র নিয়ে তার বইগুলো হলো— ‘বাংলাদেশের আমলাতন্ত্র’ ও ‘আমলাতন্ত্রের অন্দরমহলে বত্রিশ বছর’।

এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জনপ্রশাসন মন্ত্রণালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর