Logo

জাতীয়

দায়িত্ব ছাড়ার পর কী করবেন উপদেষ্টারা?

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১:২৮

দায়িত্ব ছাড়ার পর কী করবেন উপদেষ্টারা?

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে। নতুন সরকার শপথ নেওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিদায় নেবে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।

দীর্ঘ দেড় বছরের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন শেষে উপদেষ্টারা কে কোন পথে পা বাড়াচ্ছেন—তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। বর্তমানে ২১ জন উপদেষ্টা, উপদেষ্টার পদমর্যাদায় বিশেষ সহকারী ও দূত এবং প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বিশেষ সহকারীসহ সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে অনেকে দায়িত্ব পালন করছেন।

চেনা পেশায় ফিরছেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাঁর দীর্ঘদিনের পেশায় ফিরে যাবেন বলে জানিয়েছেন তাঁর বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। তিনি নিশ্চিত করেছেন, সে অনুযায়ী প্রস্তুতিও নিচ্ছেন ড. ইউনূস।

অধ্যাপনায় ফিরছেন আসিফ নজরুল ও সালেহউদ্দিন আহমেদ

আইন উপদেষ্টা আসিফ নজরুল অত্যন্ত আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন তাঁর প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার। শিক্ষকতা ও গবেষণায় মনোনিবেশ করাই তাঁর প্রধান লক্ষ্য।

অন্যদিকে, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ দায়িত্ব শেষে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ফিরে যাবেন। তবে যোগ দেওয়ার আগে কিছুদিন বিশ্রাম নেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।

লেখালেখি ও গবেষণায় সময় দেবেন যারা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের পর কিছুদিন বিশ্রাম নিয়ে লেখালেখিতে মনোযোগ দেবেন। ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার ফিরবেন তাঁর সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও গণমাধ্যম–সংশ্লিষ্ট কাজে।

বিদ্যুৎ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের পরিকল্পনা কিছুটা ব্যতিক্রমী। সরকারি গাড়ি ফেরত দিয়ে ব্যক্তিগত গাড়ি কেনার চিন্তা রয়েছে তাঁর। আসন্ন পবিত্র রমজান মাস ইবাদত–বন্দেগিতে কাটানোর পর লেখালেখি ও বই পড়ায় সময় দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

মাঠপর্যায়ে ফিরছেন রিজওয়ানা ও শারমীন মুরশিদ

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দায়িত্ব শেষে ফিরে যাবেন তাঁর নিজ প্রতিষ্ঠান—বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)–র কাজে।

সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ দায়িত্ব শেষে কিছুটা বিরতি নেওয়ার পরিকল্পনা করেছেন। এরপর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা নিয়ে একটি বই লেখার ইচ্ছা রয়েছে তাঁর। পাশাপাশি ‘ব্রতী’ ও মানবাধিকার–সংশ্লিষ্ট কাজে যুক্ত হওয়ার পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে যুক্ত নারীদের নিয়ে বিশেষভাবে কাজ করতে চান তিনি।

এএস/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অন্তর্বর্তী সরকার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর