Logo

জাতীয়

'ফরমালি মন্ত্রণালয় থেকে আমাকে বিদায় দেওয়া হয়েছে'

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২২:২৭

'ফরমালি মন্ত্রণালয় থেকে আমাকে বিদায় দেওয়া হয়েছে'

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, ফরমালি মন্ত্রণালয় থেকে তাকে বিদায় দেওয়া হয়েছে। দেশের বাইরে যাওয়ার গুঞ্জন সম্পর্কে জানতে চাইলে তিনি জাগো নিউজকে বলেন, “৯ ও ১০ ফেব্রুয়ারি অফিস থেকে বিদায় নিয়েছি। ফরমালি মন্ত্রণালয় থেকে বিদায় দেওয়া হয়েছে।”

দেশ ছেড়েছেন কি না সেটা স্পষ্ট না করলেও ফয়েজ আহমদ বলেন, “আমি অল্প সময়ে জীবনের সর্বোচ্চ চেষ্টা করেছি। একটা শীর্ষ দুর্নীতিগ্রস্ত মন্ত্রণালয়ে নতুন ব্যবস্থাপনা, নতুন প্রযুক্তি ও স্বচ্ছতা এনেছি। সব পুরনো আইন ও পলিসি পরিবর্তন করতে পাগলের মতো খেটেছি। এগুলো ৫ বছরের কাজ।”

তিনি আরও বলেন, “আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি আমি এক টাকাও দুর্নীতি করিনি। আমি একজন ভার্চুয়ালি সৎ মানুষ। মোবাইল ব্যবসায়ীরা, টেলিকম মাফিয়ারা আমার বিরুদ্ধে কুৎসা করেছে। আমি তাদের কাছে মাথা নত করিনি। দ্রুত একটা চাকরি খুঁজবো এবং স্বাভাবিক জীবনে ফিরে যাবো।”

ফয়েজ আহমদ জানান, “আমার স্ত্রী ও সন্তানকে নিরাপদ জীবন থেকে বঞ্চিত করে দেশে এসেছি। কিছু মানুষ আমাকে অপমান করতে কাজ করেছে। মাঝে মাঝে মনে হয়, দেশের উল্লেখযোগ্য মানুষ সৎ ও জ্ঞানভিত্তিক নেতৃত্বের যোগ্য নয়। এই কষ্ট আমাকে তীব্রভাবে আঘাত করেছে। আমি সাধারণ মানুষ, সাধারণ জীবনযাপন করি, নিজের কাছে সৎ ও স্বচ্ছ আছি। দোয়া করবেন।”

দেশত্যাগ সম্পর্কে সরাসরি কিছু না বললেও, তার একটি ঘনিষ্ঠ সূত্র জাগো নিউজকে নিশ্চিত করেছে, মন্ত্রণালয় তাকে বিদায় দিয়েছে। ফয়েজ তৈয়্যব বর্তমানে পরিবারের সঙ্গে রয়েছেন, তবে কোন দেশে গেছেন তা তিনি জানাননি।

এএস/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর