দুই ভোটের ভোটার উপস্থিতির তারতম্য যুক্তিসঙ্গত : ইসি সচিব
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটার উপস্থিতির হারের পার্থক্যকে “যুক্তিসঙ্গত” বলেছে নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। তিনি জানিয়েছেন, জাতীয় নির্বাচনের ২৯৭টি আসন ও গণভোটের ২৯৯টি আসনের ভোটার উপস্থিতি হিসেবে এই তারতম্য হয়েছে।
ইসি সচিব জানান, আইনি জটিলতার কারণে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল জাতীয় নির্বাচনের ক্ষেত্রে স্থগিত থাকায় ওই দুই আসনের ভোট গণনায় অন্তর্ভুক্ত হয়নি। গণভোটের ক্ষেত্রে সেই দুই আসনের ভোটার উপস্থিতি গণনায় অন্তর্ভুক্ত থাকায় দুই নির্বাচনের উপস্থিতির হারে সামান্য পার্থক্য দেখা দিয়েছে।
তিনি আরও বলেন, “গণভোটে বাতিল ভোটের সংখ্যার সঙ্গে জাতীয় নির্বাচনের বাতিল ভোটের সংখ্যা মিলবে না। কারণ জাতীয় নির্বাচনের ব্যালট বিভিন্ন আসনে ভিন্নভাবে বাতিল হয়েছে, কিন্তু গণভোটে একবারে বাতিল ভোট হিসাব করা হয়েছে। তাই এটি নিয়েও প্রশ্ন তোলা যুক্তিসঙ্গত নয়।”
ইসি সূত্র অনুযায়ী, সারাদেশে গণভোটে ভোটার উপস্থিতি ৬০.৮৪ শতাংশ, আর জাতীয় নির্বাচনে ৫৯.৪৪ শতাংশ। পার্থক্য দাঁড়িয়েছে ১.৪০ শতাংশ। চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনে জাতীয় নির্বাচনের ফলাফল স্থগিত থাকলেও গণভোটে যথাক্রমে ২ লাখ ৩০ হাজার ৪৬৮ ও ২ লাখ ৫২ হাজার ৪৫০ জন ভোট দিয়েছেন।
মোট ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩ ভোটার গণভোটে অংশগ্রহণ করেছেন। বাতিল হয়েছে ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭টি ভোট। বৈধ ৭ কোটি ২ লাখ ৭২ হাজার ৩৮৬ ভোটের মধ্যে হ্যাঁ ভোট পড়েছে ৪ কোটি ৮২ লাখ ৬৬ হাজার ৬০টি (৬৮.০৫ শতাংশ) এবং না ভোট পড়েছে ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬টি (৩১.৯৫ শতাংশ)।
এএস/

