নির্বাচনে কারচুপির প্রতিবাদে সোমবার বিক্ষোভের ডাক দিল জামায়াত নেতৃত্বাধীন ১১ দল
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫১
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম, কারচুপি ও নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। আগামীকাল সোমবার ঢাকায় এ কর্মসূচি পালন করবেন জোটের নেতাকর্মীরা।
রোববার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন জোটের নেতারা। দুপুর ১২টার দিকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ও এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে নির্বাচন কমিশন বাংলাদেশ–এ বৈঠক শুরু হয়।
বৈঠক শেষে হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের বলেন, নির্বাচনের পর জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের নেতাকর্মীদের বাড়িঘরে হামলার ঘটনা ঘটছে এবং এসব বিষয়ে কমিশনকে অবহিত করা হয়েছে। তিনি জানান, হামলার প্রতিবাদে সোমবার ঢাকার বায়তুল মোকাররম এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করবে ১১ দলীয় জোট।
তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনে ভয়ভীতি প্রদর্শনের কারণে ভোটার উপস্থিতি কম ছিল এবং কোথাও কোথাও ভোট গণনার সময় ১১ দলের এজেন্টদের জোর করে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। স্থানীয়ভাবে বারবার অভিযোগ জানানো হলেও সন্তোষজনক ব্যবস্থা নেওয়া হয়নি বলেও দাবি করেন তিনি।
ভোট গণনায় ত্রুটি থাকলে ফলাফলে তার প্রভাব পড়বে— এ কথা উল্লেখ করে হামিদুর রহমান আযাদ বলেন, বিভিন্ন আসনের রেজাল্ট শিটে ঘষামাজা, কাটাছেঁড়া ও ওভাররাইটিংয়ের চিহ্ন পাওয়া গেছে। অনেক জায়গায় মূল এজেন্টের স্বাক্ষর নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি। উদাহরণ হিসেবে তিনি ঢাকা-৬ আসনের একটি ফলাফলের কপি পেন্সিলে লেখা হয়েছে বলেও দাবি করেন।
এ পরিস্থিতিতে নির্বাচনের অনিয়মের প্রতিবাদ ও হামলার ঘটনায় বিচার দাবিতে সোমবারের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন ১১ দলীয় জোটের নেতারা।
এসএসকে/

