মোদির বদলে শপথ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় আসছেন ওম বিড়লা
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২১
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নবগঠিত সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরিবর্তে ঢাকায় আসছেন দেশটির লোকসভার স্পিকার ওম বিড়লা। আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিতব্য শপথ অনুষ্ঠানে তিনি ভারত সরকারের প্রতিনিধিত্ব করবেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (ভারত)–এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশের নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানের মতো গুরুত্বপূর্ণ আয়োজনে লোকসভার স্পিকারের অংশগ্রহণ দুই দেশের জনগণের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে আরও দৃঢ় করবে এবং অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দুই দেশের অভিন্ন ইতিহাস, সংস্কৃতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির বিজয়কে ভারত স্বাগত জানায়।
এর আগে শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে একই দিনে ভারতে অনুষ্ঠিতব্য ‘ইন্ডিয়া-এআই ইমপ্যাক্ট সামিট’-এ অংশগ্রহণের নির্ধারিত কর্মসূচি থাকায় তিনি ব্যক্তিগতভাবে উপস্থিত থাকতে পারছেন না। সেই কারণে ভারতের প্রতিনিধি হিসেবে ওম বিড়লাকে ঢাকায় পাঠানো হচ্ছে বলে জানানো হয়েছে।
এসএসকে/

