জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে তার বসুন্ধরা আবাসিক এলাকার বাসভবনে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণার পর এটিই দুই নেতার প্রথম বৈঠক।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলশানের বাসা থেকে রওনা হয়ে সন্ধ্যা ৭টার দিকে জামায়াত আমিরের বাসভবনে পৌঁছান তিনি। নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে এই সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে।
বৈঠক উপলক্ষে আপ্যায়নের প্রস্তুতি নিয়েও আগ্রহ তৈরি হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের বলেন, তারা প্রস্তুতি নিচ্ছেন এবং বিএনপি চেয়ারম্যানের পছন্দ অনুযায়ী আপ্যায়নের ব্যবস্থা করার চেষ্টা করবেন।
এর আগে গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের ফলাফলে দেখা গেছে, বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয় পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জোটের শরিকদের আরও তিনটি আসন যোগ হলে বিএনপি জোটের মোট আসন দাঁড়ায় ২১২। দীর্ঘ দেড় দশক পর এমন বড় জয় দলটির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে।
এসএসকে/

