প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার জন্য প্রস্তুত হচ্ছে যে দুই বাড়ি
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২০:০২
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সরকারপ্রধান ও বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবন প্রস্তুতের কাজ শুরু করেছে সরকার। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছে, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’কে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে প্রস্তুত করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ‘গণভবন’ ইতোমধ্যে ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হিসেবে রূপান্তরিত হওয়ায় নতুন প্রধানমন্ত্রী কোথায় থাকবেন— এ প্রশ্ন সামনে আসে। সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজধানীর ‘যমুনা’ ভবনটিকেই প্রধানমন্ত্রীর জন্য উপযোগী করে তোলার কাজ শুরু হয়েছে।
গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী বলেন, যমুনা ভবনের প্রয়োজনীয় সংস্কার ও প্রস্তুতির কাজ করা হবে। এরপরও যদি প্রধানমন্ত্রীর বিশেষ কোনো চাহিদা থাকে, সেটিও পূরণের ব্যবস্থা করা হবে।
গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ধারণা করা হচ্ছে, দলের চেয়ারম্যান তারেক রহমান নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে পারেন। দীর্ঘ ১৭ বছর লন্ডনে অবস্থানের পর দেশে ফিরে তিনি রাজধানীর গুলশানে তার মা খালেদা জিয়া’র বাসভবন ‘ফিরোজা’র পাশের একটি বাড়িতে উঠেছেন।
তবে আবাসিক এলাকায় সরকারপ্রধানের নিরাপত্তা এবং গুলশান থেকে জাতীয় সংসদ ভবনের দূরত্ব বিবেচনায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে স্থানান্তরের সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এর আগে গত বছরের সেপ্টেম্বরে সংসদ ভবন চত্বরে স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন একীভূত করে প্রধানমন্ত্রীর বাসভবন করার সিদ্ধান্ত নেওয়া হলেও নিরাপত্তাজনিত কারণে পরে তা বাতিল করা হয়।
অন্যদিকে, মিন্টো রোডে অবস্থিত বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনও প্রস্তুত রাখা হয়েছে। অতীতে ১৯৯১–৯৬ সালে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা এবং ১৯৯৬ সালে খালেদা জিয়া ওই বাসভবনে অবস্থান করেছিলেন। তবে ২০০১ সালের পর থেকে কোনো বিরোধী দলীয় নেতা সেখানে থাকেননি।
নির্বাচনের আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা জানিয়েছিলেন, তারা কেউ সরকারি গাড়ি-বাড়ি ব্যবহার করবেন না। ফলে বিরোধী দলীয় নেতার বাসভবনটি শেষ পর্যন্ত ব্যবহার হবে কি না, সেটিও নির্ভর করছে রাজনৈতিক সিদ্ধান্তের ওপর।
এসএসকে/

