Logo

জাতীয়

তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জানালেন জামায়াত আমির

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৪৬

তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জানালেন জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জানিয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজ বাসভবনে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

পোস্টে জামায়াত আমির লিখেন, তারেক রহমান তার আবাসিক কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে যান, যা তিনি জাতীয় রাজনীতির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখছেন। সংলাপ, দায়িত্বশীলতা ও পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে রাজনৈতিক পরিপক্কতার নতুন অধ্যায় শুরু হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, তিনি এমন একটি বাংলাদেশ দেখতে চান, যা হবে ফ্যাসিবাদমুক্ত, সার্বভৌম এবং ইনসাফ ও ন্যায়বিচারের ভিত্তিতে প্রতিষ্ঠিত। তিনি উল্লেখ করেন, জামায়াতে ইসলামী ১১-দলীয় জোটের সঙ্গে মিলে একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও আধুনিক রাষ্ট্র গঠনে প্রতিশ্রুতিবদ্ধ, যা গণতান্ত্রিক মূল্যবোধ ও সাংবিধানিক শাসনের ওপর পরিচালিত হবে।

তিনি আরও জানান, আলোচনায় তারেক রহমান নির্বাচন-পরবর্তী সহিংসতা এবং বিরোধী দলের কর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। এ আশ্বাসকে স্বাগত জানিয়ে তিনি বলেন, কোনো নাগরিক যেন ভীতি বা নিরাপত্তাহীনতার মধ্যে না থাকে— এটাই সবার প্রত্যাশা।

পোস্টে জামায়াত আমির আরও বলেন, জাতীয় স্বার্থের প্রশ্নে নির্বাচিত সরকারকে পূর্ণ সহযোগিতা দেওয়া হবে। তবে আদর্শিক বিরোধী দল হিসেবে সাংবিধানিক দায়িত্ব পালনে তারা আপসহীন থাকবেন। সরকারের জনকল্যাণমূলক উদ্যোগে সমর্থন থাকলেও জবাবদিহিতার প্রয়োজন হলে সেখানে সোচ্চার থাকবে জামায়াত। তাদের উদ্দেশ্য সংঘাত নয়, বরং সংশোধন ও পর্যবেক্ষণের মাধ্যমে রাষ্ট্রকে এগিয়ে নেওয়া।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের এবং দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

তারেক রহমান প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর