Logo

জাতীয়

পদত্যাগপত্র দেননি আইজিপি, বৈঠকে ইচ্ছা প্রকাশ করেন : পুলিশ সদরদপ্তর

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০৭

পদত্যাগপত্র দেননি আইজিপি, বৈঠকে ইচ্ছা প্রকাশ করেন : পুলিশ সদরদপ্তর

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম

চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম রোববার পদত্যাগ করেছেন—এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে রাতে পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইজিপির পদত্যাগ-সংক্রান্ত সংবাদটি সঠিক নয়। এ ধরনের বিভ্রান্তি না ছড়ানোর জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়।

পুলিশ সদরদপ্তরের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা সমকালকে জানান, রোববার নিয়মিত বৈঠকে আইজিপি কর্মকর্তাদের সঙ্গে পদত্যাগের প্রস্তুতির কথা উল্লেখ করেন। বৈঠকে তিনি জানান, পদত্যাগের জন্য প্রস্তুত আছেন এবং পদত্যাগপত্র তৈরি করেছেন। সেদিনই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠানোর ইচ্ছার কথাও জানান তিনি। তবে উপস্থিত কর্মকর্তারা নতুন সরকার গঠনের আগে পদত্যাগপত্র জমা না দেওয়ার পরামর্শ দেন।

দুপুরের পর বাহিনীর সদস্যদের মধ্যে আইজিপির পদত্যাগের খবর ছড়িয়ে পড়ে। এমনকি, তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন বলেও আলোচনা চলতে থাকে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, এ পর্যন্ত সেখানে কোনো পদত্যাগপত্র পৌঁছায়নি।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন প্রশাসনিক পদে রদবদল হয়। এর ধারাবাহিকতায় একই বছরের ২১ নভেম্বর বাহারুল আলমকে দুই বছরের চুক্তিতে আইজিপি হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। এর আগে ২০২০ সালে তিনি অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদ থেকে অবসরে যান। চুক্তি অনুযায়ী চলতি বছরের ২১ নভেম্বর তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা।

এএস/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর