জাপানের দূতাবাসের বার্তা : কৌশলগত অংশীদারত্ব এগিয়ে নিতে উন্মুখ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০০:১৩
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে জাপান। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব আরও এগিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে দেশটি।
রোববার ফেসবুকে দেওয়া এক বার্তায় এ তথ্য জানায় ঢাকার জাপান দূতাবাস।
বার্তায় বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিশ্বাসযোগ্যভাবে আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে আন্তরিকভাবে স্বাগত জানায় জাপান। সব রাজনৈতিক দল ও নেতাদের অভিনন্দন জানিয়ে বিশেষভাবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে জয়ের জন্য শুভেচ্ছা জানানো হয়। টোকিও সহজ ও শান্তিপূর্ণভাবে সরকার গঠনের প্রত্যাশা ব্যক্ত করেছে। পাশাপাশি বাংলাদেশ–জাপান কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।
এর আগে ১০ ফেব্রুয়ারি জাপানের নির্বাচন পর্যবেক্ষক মিশনের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন রাষ্ট্রদূত ও জাপানের নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান মাসাতো ওয়াতানাবে।
এর আগের দিন ফেসবুক পোস্টে জাপানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে অভিনন্দন জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
এএস/

