শপথ অনুষ্ঠানে থাকছেন ১২০০ দেশি-বিদেশি অতিথি
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৪
ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের শপথ ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণকে ঘিরে শেষ সময়ের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ঢাকার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে।
এ অনুষ্ঠানে প্রায় ১ হাজার ২০০ দেশি-বিদেশি অতিথির উপস্থিতি নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, আয়োজনের সব প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে।
এদিন নবনির্বাচিত সংসদ সদস্যরা (এমপি) শপথ নেবেন। পাশাপাশি তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও পৃথক শপথ গ্রহণ করবেন।
দীর্ঘদিনের প্রচলিত রীতি ভেঙে এবার প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজন করা হচ্ছে। সদ্য নিয়োগপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিব এম সিরাজ মিয়া পুরো অনুষ্ঠান পরিচালনা করবেন।
বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন।
বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনুষ্ঠানে আমন্ত্রিত বিদেশি অতিথিদের মধ্যে রয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল এবং মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।
বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনুষ্ঠানে প্রায় ১ হাজার ২০০ জন দেশি-বিদেশি অতিথি উপস্থিত থাকবেন। আমন্ত্রিত বিদেশি অতিথিদের মধ্যে রয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল এবং মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।
এছাড়া নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা ও শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নলিন্দা জয়তিসার অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে। যুক্তরাজ্যের ভারত-প্রশান্ত মহাসাগরবিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রারও যোগ দেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে দলীয় সূত্র।
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল রোববার বলেন, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন সকাল ১০টায় সংসদ সদস্যদের শপথ এবং বিকেল ৪টায় মন্ত্রিসভার শপথের আয়োজন করা হবে।
তিনি বলেন, ধারণা করছি, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সংসদ সদস্যদের শপথ পড়াবেন। রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন। বিএনপির অভিপ্রায় অনুযায়ী দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ আয়োজন করা হচ্ছে।
আইন উপদেষ্টা বলেন, কারা কারা আমন্ত্রিত হবেন সেটি কনভেনশন অনুযায়ী করা হবে, সেটি ক্যাবিনেট ডিভিশন দেখছে। সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কোনো প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ বিষয়ে আমি কিছু জানি না।
এমবি

