Logo

জাতীয়

মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭ বাড়ি, প্রধানমন্ত্রী থাকবেন কোথায়?

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৫৬

মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭ বাড়ি, প্রধানমন্ত্রী থাকবেন কোথায়?

নতুন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের জন্য ৩৭টি বাড়ি বা বাসা প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নতুন মন্ত্রীদের আবাসনের বিষয় জানতে চাইলে উপদেষ্টা আদিলুর বলেন, ‘এখন পর্যন্ত আমরা ৩৭টি বাড়ি প্রস্তুত করে রেখেছি। মিন্টো রোড, হেয়ার রোড, ধানমন্ডি ও গুলশানে এ বাড়িগুলো রয়েছে। প্রয়োজনে আরও কয়েকটি বাড়ি তৈরি করার প্রস্তুতি চলছে।’

এ ৩৭টি বাড়ির মধ্যে বর্তমান উপদেষ্টা পরিষদের সদস্যদের বসবাস করা বাড়িগুলোও রয়েছে বলে জানান তিনি।

নির্বাচনের আগে থেকে নতুন সরকারের প্রধানমন্ত্রীর জন্য বাসভবনের অনুসন্ধান শুরু করে অন্তর্বর্তী সরকার। সম্ভাব্য কয়েকটি স্থানও নির্ধারণ করা হয়। যার মধ্যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাসহ শেরেবাংলা নগরের সংসদ ভবন এলাকার স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় এলাকার একটি স্থান প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে প্রস্তুত করার বিষয়টি বিবেচনা করা হয়েছিল।

কিন্তু শেষ পর্যন্ত অন্তর্বর্তী সরকার কোনো সিদ্ধান্ত নিতে না পারায় ধারণা করা হয়েছিল, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকেই নতুন প্রধানমন্ত্রীর বাসভবন করা হতে পারে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

এ বিষয়ে উপদেষ্টা আদিলুর রহমান বলেন, ‘ওনারা যেভাবে চান সেভাবে হবে। ওনাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে নতুন সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। সরকারের মন্ত্রিসভা মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে শপথ নেবে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর