Logo

জাতীয়

‘আমি আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য উপস্থিত হয়েছি’

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ২১:২৯

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সোমবার জাতির উদ্দেশে ভাষণ দিয়ে বিদায় নিয়েছেন। তিনি বলেন, “আজ আমি আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য উপস্থিত হয়েছি।”

ভাষণে ড. ইউনূস শুরুতেই বাংলাদেশের সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “দীর্ঘ ১৭ বছর পর একটি উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে। ভোটার, রাজনৈতিক দল, প্রার্থী, নির্বাচনসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা বাহিনী মিলিতভাবে একটি প্রশংসনীয় নজির সৃষ্টি করেছে। ভবিষ্যতের নির্বাচনের জন্য এটি একটি উৎকৃষ্ট উদাহরণ হবে।”

ড. ইউনূস আরও বলেন, “বিগত ১৮ মাস আমি প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছি। নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রাক্কালে আজ আমি আপনাদের সামনে বিদায় নিতে এসেছি। আজ বিদায়ের দিনে ৫ আগস্টের কথা স্মরণ করছি—কী মহামুক্তির দিন ছিল, কী আনন্দের দিন! দেশের তরুণরা দৈত্যের গ্রাস থেকে দেশকে মুক্ত করেছে। তবে দেশ তখন সম্পূর্ণ অচল। এই দেশকে সচল করা ছিল সবার বড় চ্যালেঞ্জ।”

তিনি বলেন, “অভ্যুত্থানের ছাত্রনেতারা ঠিক করল একটি সরকার প্রয়োজন। প্রথমে আমি দায়িত্ব নিতে রাজি ছিলাম না, তবে ছাত্রনেতারা জাতির প্রতি কর্তব্য স্মরণ করিয়ে আমাকে রাজি করাল। ১৮ মাসের পর এখন আমার বিদায়ের পালা।”

ড. ইউনূস জানালেন, “আমাদের প্রথম কাজ ছিল দেশকে সচল করা। এটি সবচেয়ে কঠিন কাজ ছিল। যারা দেশকে লুটেপুটে খেত, তারাই সরকারি যন্ত্র চালাত। অভ্যুত্থানের সঙ্গে সঙ্গে অনেক বড় ও মাঝারি কর্মকর্তা পালিয়ে গেছে। অন্যরা ভোল পাল্টিয়েছে অথবা আত্মগোপনে চলে গেছে। সরকারের ভেতরে যারা রয়ে গেছে, তাদের মধ্যে কাকে বিশ্বাস করবেন, কার ওপর নির্ভর করবেন—এটাই ছিল মহাসংকট।”

তিনি বলেন, “১২ ফেব্রুয়ারি দেড় যুগ পর দেশে জাতীয় নির্বাচন এবং ব্যাপক সাংবিধানিক পরিবর্তনের জন্য গণভোট অনুষ্ঠিত হলো। এই নির্বাচনে উৎসবমুখর পরিবেশ এবং দেশের সর্বত্র ঈদের আমেজ বিরাজ করেছিল, যা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।”

ড. ইউনূস বলেন, “প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে যারা জয়ী হয়েছেন, তাদের অভিনন্দন। যারা পরাজিত হয়েছেন, তাদেরও অভিনন্দন। গণতন্ত্রের সৌন্দর্য হলো হার-জিত। জয়ী প্রার্থীরা মোট ভোটের প্রায় অর্ধেক পেয়েছেন, পরাজিতরাও মোট ভোটের অর্ধেক পেয়েছেন। আগামীকাল নতুন সরকার দায়িত্ব গ্রহণ করবে, এর মাধ্যমে আমাদের ১৮ মাসের দায়িত্ব শেষ হবে।”

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ড. ইউনূস প্রধান উপদেষ্টা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর