এলপি গ্যাসের ওপর ৭.৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৩
ছবি: সংগৃহীত
এলপি গ্যাসের ওপর প্রদেয় ভ্যাট কমিয়েছে সরকার। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ গণমাধ্যমকে এ তথ্য জানান।
এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, বিদ্যমান ব্যবস্থায় এলপি গ্যাসের স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট এবং আমদানি পর্যায়ে ২ শতাংশ আগাম কর পরিশোধ করতে হয়। শিল্পখাত ও গৃহস্থালি কাজে ব্যবহারের জন্য অপরিহার্য পণ্য এলপি গ্যাসের বাজার স্থিতিশীল রাখা এবং জনসাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকার জনস্বার্থে এ ভ্যাট কিছুটা হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আবেদন এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সুপারিশের পরিপ্রেক্ষিতে সরকার ১৬ ফেব্রুয়ারি পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে। এতে ৩০ জুন পর্যন্ত উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট এবং আমদানি পর্যায়ে ২ শতাংশ আগাম কর প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে এলপিজি আমদানি পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমদানি পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট আরোপের পাশাপাশি স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করায় এলপিজি আমদানির পর স্থানীয় উৎপাদন ও বিক্রয় পর্যায়ে যে মূল্য সংযোজন হয়, তার ওপর আর কোনো ভ্যাট কার্যকর থাকছে না। প্রজ্ঞাপন দুটি কার্যকরের পর এলপি গ্যাস ক্রয়ের ক্ষেত্রে ভোক্তাদের ওপর পূর্বের তুলনায় প্রায় ২০ শতাংশ মূসকভার কমবে।

