শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৮
সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নবনির্বাচিত সংসদ সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
গণ-অভ্যুত্থান পরবর্তী বিশেষ পরিস্থিতিতে সাংবিধানিক নিয়ম অনুযায়ী বিএনপির সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। শপথ গ্রহণ শেষে তারা সংসদীয় রেজিস্টারে স্বাক্ষর করেন। রেওয়াজ অনুযায়ী, নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দল হিসেবে শুরুতেই বিএনপির নির্বাচিত সদস্যদের শপথ পড়ানো হয়।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির নবনির্বাচিত সংসদ সদস্যরা আজ শপথের মাধ্যমে আইনপ্রণেতা হিসেবে সংসদে আসন নিশ্চিত করলেন। শপথ অনুষ্ঠান শুরুর আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। সংসদ ভবনে প্রবেশের সময় থেকেই বিএনপির সংসদ সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও দলটির সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি সদস্যরা ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবে শপথ নেননি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, তারা কেবল সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, তাই অন্য কোনো পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার সুযোগ নেই।
সংসদ সদস্যদের শপথের পর এখন সবার দৃষ্টি বিকেল ৪টার অনুষ্ঠানের দিকে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তারেক রহমান। একই সঙ্গে নতুন মন্ত্রিসভার সদস্যদেরও শপথ নেওয়ার কথা রয়েছে।
এমএইচএস

