Logo

জাতীয়

শপথ নিচ্ছেন না জামায়াত ও এনসিপির সংসদ সদস্যরা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৪

শপথ নিচ্ছেন না জামায়াত ও এনসিপির সংসদ সদস্যরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান মঙ্গলবার সকালে সম্পন্ন হলেও নতুন এক রাজনৈতিক জটিলতা তৈরি হয়েছে। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে বিএনপির আপত্তির মুখে জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সংসদ সদস্যরা শপথ গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে গণমাধ্যমকে জানান, বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেয়, তবে জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যরাও কোনো ধরনের শপথ নেবেন না। তিনি বলেন, ‘সংস্কারবিহীন সংসদ অর্থহীন। দুপুর ১২টায় আমাদের সদস্যদের শপথের সময় নির্ধারিত থাকলেও আমরা তা বর্জন করছি।’ জামায়াত মনে করছে, জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এই সংস্কার পরিষদ অপরিহার্য।

একই ইস্যুতে এনসিপি-র নির্বাচিত ৬ জন সংসদ সদস্য আজ শপথ গ্রহণ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংবিধান সংস্কার পরিষদের শপথ প্রক্রিয়া নিয়ে আইনি ও রাজনৈতিক অসংগতি দূর না হওয়া পর্যন্ত তারা এই প্রক্রিয়ায় অংশ নেবেন না।

এর আগে সকালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির সংসদ সদস্যরা কেবল ‘সংসদ সদস্য’ হিসেবে শপথ নেন। তবে তারা ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবে শপথ নিতে অস্বীকৃতি জানান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সংসদ ভবনে সাংবাদিকদের বলেন, ‘গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে, তা আগে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। কে এই পরিষদের সদস্য হবেন এবং কে তাদের শপথ পড়াবেন— এসব বিষয়ে স্পষ্ট সাংবিধানিক বিধান প্রয়োজন।’ তিনি আরও যোগ করেন, ‘বর্তমানে যে শপথ ফরম রয়েছে তা সংবিধানের তৃতীয় তফসিলের সাধারণ (সাদা) ফরম; সংস্কার পরিষদের জন্য আলাদা ফরম (নীল) এখনো সংবিধানে যুক্ত হয়নি।’ 

সংবিধান সংশোধনের মাধ্যমে যখন সংস্কার পরিষদের আইনি ভিত্তি তৈরি হবে, তখনই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে বলে জানান সালাহউদ্দিন আহমদ।

সংসদ সচিবালয় সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদ— উভয় পদের জন্য শপথের প্রস্তুতি রেখেছিল। কিন্তু দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর পরস্পরবিরোধী অবস্থানের কারণে সংস্কার পরিষদের কার্যক্রম শুরুতেই হোঁচট খেল।

উল্লেখ্য, আজ বেলা পৌনে ১১টায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বিএনপির সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান। 

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শপথ বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর