বঙ্গভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলা হয়েছে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের নবনিযুক্ত উপদেষ্টা মাহফুজ আলম।
সোমবার (১১ নভেম্বর) তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি ছবি প্রকাশ করে তিনি এ কথা জানান।
তিনি ফেসবুক পোস্টে লেখেন, ‘দরবার হল থেকে ৭১ পরবর্তী ফ্যাসিস্ট শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে। এটা আমাদের জন্য লজ্জার যে আমরা ৫ আগস্টের পর বঙ্গভবন থেকে তার ছবি সরাতে পারিনি। ক্ষমাপ্রার্থী। কিন্তু, জুলাইয়ের চেতনা বেঁচে থাকা পর্যন্ত তাকে কোথাও দেখা যাবে না।’
তিনি আরও লেখেন, ‘শেখ মুজিব ও তার কন্যা বাংলাদেশের জনগণের সাথে যা করেছেন বিএএলকে (বাংলাদেশ আওয়ামী লীগ) তা অবশ্যই স্বীকার করতে হবে এবং ৭২-এর অগণতান্ত্রিক সংবিধান থেকে শুরু করে দুর্ভিক্ষ, কোটি কোটি টাকা পাচার এবং হাজার হাজার ভিন্নমতাবলম্বী ও বিরোধীদের বিচারবহির্ভূত হত্যার (৭২-৭৫, ২০০৯-২০২৪) জন্য ক্ষমা চাইতে হবে। তাহলে, আমরা '৭১-এর আগের শেখ মুজিবের কথা বলতে পারি। ক্ষমাপ্রার্থনা ও ফ্যাসিস্টদের বিচার ছাড়া কোনো কিছুই মিটমাট হবে না।’
উল্লেখ্য, রোববার সন্ধ্যায় মাহফুজ আলমসহ তিনজন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন। ওই সমফ দরবার হলে দেয়ালে বঙ্গবন্ধুর ছবি টানানো ছিল। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা সমালোচনা শুরু হয়।
ডিআর/ওএফ

