একাই ৩ সরকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৩৩
বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন টানা তিন বছরে তিনটি ভিন্ন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করলেন। ২০২৪, ২০২৫ ও ২০২৬— এ তিন বছরে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের গুরুত্বপূর্ণ মুহূর্তে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করে তিনটি সরকারের প্রধান ও মন্ত্রিসভাকে শপথবাক্য পাঠ করান তিনি।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি সাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে শপথ পাঠ করান। একই অনুষ্ঠানে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদেরও শপথবাক্য পাঠ করান তিনি। এর মধ্য দিয়ে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
এর আগে ২০২৪ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানও পরিচালনা করেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। তবে একই বছরের ৫ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে সেই সরকারের পতন ঘটে।
পরবর্তী পরিস্থিতিতে ২০২৪ সালের ৮ আগস্ট নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। সেই সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদেরও শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
সবশেষে ২০২৬ সালে আবারও জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে শপথবাক্য পাঠ করালেন তিনি। ফলে ধারাবাহিকভাবে তিন বছরে তিনটি ভিন্ন রাজনৈতিক বাস্তবতায় তিনটি সরকারের শপথ অনুষ্ঠান পরিচালনার নজির স্থাপন করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।
ডিআর/এমবি

