Logo

জাতীয়

ঢাকার দুই সিটি ও চট্টগ্রাম সিটি নির্বাচনের জন্য তৎপর ইসি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০৮

ঢাকার দুই সিটি ও চট্টগ্রাম সিটি নির্বাচনের জন্য তৎপর ইসি

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতেই স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর দুই সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের আয়োজনের জন্য স্থানীয় সরকার বিভাগকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে চিঠি পাঠানো হয়েছে।

ইসির নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন আয়োজনের বিষয়ে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি কমিশনের সভায় উপস্থাপনের প্রক্রিয়াও চলছে।

স্থানীয় সরকার বিভাগের সচিবের পাঠানো পৃথক চিঠিতে বলা হয়েছে, ২০২০ সালের ২ জুন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সেই হিসাবে গত বছরের ১ জুন এ সিটির পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়াদ ২০২৫ সালের ২ জুন শেষ হয়, যেখানে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল ২০২০ সালের ৩ জুন। অন্যদিকে, চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্তমান পরিষদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২২ ফেব্রুয়ারি, যেখানে প্রথম সভা হয়েছিল ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি।

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী, প্রথম সভার তারিখ থেকে পাঁচ বছরের মেয়াদ গণনা করা হয় এবং মেয়াদ শেষ হওয়ার ১৮০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হয়। সেই অনুযায়ী তিন সিটির নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানিয়েছেন, ঈদের পর ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হবে এবং বছরের বাকি সময়েও এ কার্যক্রম চলমান থাকবে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর মেয়র ও চেয়ারম্যানদের পদত্যাগের ঘটনায় সরকার দেশের ১২টি সিটি করপোরেশন, ৩৩০টি পৌরসভা, ৪৯৭টি উপজেলা ও জেলা পরিষদের নির্বাচিত প্রতিনিধিদের অপসারণ করে। বর্তমানে ইউনিয়ন পরিষদ ছাড়া অধিকাংশ স্থানীয় সরকার প্রতিষ্ঠান প্রশাসকের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তবে আদালতের নির্দেশে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন শাহাদাত হোসেন।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর