Logo

জাতীয়

গাড়ি-বাড়িসহ ১৩ সুবিধা পাবেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৩

গাড়ি-বাড়িসহ ১৩ সুবিধা পাবেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন নতুন মন্ত্রিসভার মন্ত্রীরা। ছবি: রয়টার্স

নতুন মন্ত্রিপরিষদের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, চিফ হুইপ, হুইপ, স্পিকার ও ডেপুটি স্পিকার গাড়ি, বাড়ি, বেতন ও চিকিৎসা খরচসহ অন্তত ১৩ ধরনের সুযোগ-সুবিধা পাবেন। বিগত সরকারের মন্ত্রিসভার সদস্য ও উপদেষ্টারাও এসব সুযোগ-সুবিধা ভোগ করে আসছিলেন।

মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সুবিধা নির্ধারণ আছে সংবিধানের **দ্য মিনিস্টার্স এবং মিনিস্টার্স অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার্স (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলিজ) অ্যাক্টে**। শুল্কমুক্ত গাড়ি আমদানি, রাজধানীতে প্লট বরাদ্দের মতো অতিরিক্ত সুবিধাও অতীতে প্রদান করা হতো। তবে এবারের শপথ গ্রহণের পর বিএনপি ও জামায়াতে ইসলামীর পক্ষ থেকে শুল্কমুক্ত গাড়ি ও প্লট না নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

বেতন ও সরকারি বাসভবন

একজন মন্ত্রী: মাসিক ১,০৫,০০০ টাকা

প্রতিমন্ত্রী: ৯২,০০০ টাকা

উপমন্ত্রী: ৮৬,৫০০ টাকা

সুসজ্জিত সরকারি বাসভবন বিনা ভাড়ায় পাওয়া যাবে। বাসার মেরামত, বিদ্যুৎ, গ্যাস, পানি ও টেলিফোন খরচ সরকার বহন করবে। সরকারি বাড়ির সাজসজ্জার জন্য মন্ত্রী পাবেন বছরে ৫ লাখ, প্রতিমন্ত্রী ৪ লাখ টাকা। বাসায় না থাকলে মন্ত্রী ৮০,০০০ ও প্রতিমন্ত্রী ৭০,০০০ টাকা ভাড়া পাবেন।

গাড়ি সুবিধা

মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা সরকারি খরচে গাড়ি পাবেন। দৈনিক ১৮ লিটার জ্বালানি তেল বা সমপরিমাণ অর্থ, দেশের ভেতরে ভ্রমণে দৈনিক ২,০০০ টাকা (উপমন্ত্রী ১,৫০০ টাকা) ভাতা, বিমান ভ্রমণের ক্ষেত্রে বছরে ১০ লাখ টাকা বীমা সুবিধা পাবেন।

সহায়ক কর্মী ও অফিস সুবিধা

মন্ত্রী পাবেন একজন উপসচিব পদমর্যাদার একান্ত সচিব (পিএস), একজন সহকারী একান্ত সচিব, দুজন ব্যক্তিগত কর্মকর্তা, একজন জমাদার, একজন আরদালি, দুজন অফিস সহায়ক ও একজন বাবুর্চি।

প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীর ক্ষেত্রে: একজন অফিস সহকারী ও একজন ব্যক্তিগত কর্মকর্তা পাবেন।

চিকিৎসা ও আপ্যায়ন

মন্ত্রিপরিষদের সদস্যদের চিকিৎসা খরচ সরকার বহন করবে।

দেশি-বিদেশি অতিথি আপ্যায়নের জন্য মন্ত্রী মাসে ১০,০০০, প্রতিমন্ত্রী ৭,৫০০ ও উপমন্ত্রী ৫,০০০ টাকা পাবেন।

এলাকা উন্নয়ন বরাদ্দ

নিজের নির্বাচনী এলাকায় মসজিদ, মন্দির ও সামাজিক উন্নয়ন কাজে:

মন্ত্রী: ১০ লাখ টাকা

প্রতিমন্ত্রী: ৭,৫০,০০০ টাকা

উপমন্ত্রী: ৫ লাখ টাকা

  প্রত্যেক বরাদ্দের মধ্যে এক ব্যক্তিকে সর্বোচ্চ ৫০,০০০ টাকা (মন্ত্রী), ৩৫,০০০ (প্রতিমন্ত্রী) ও ২৫,০০০ (উপমন্ত্রী) দেওয়া যাবে।

প্রধানমন্ত্রী ও এমপিদের সুবিধা

প্রধানমন্ত্রী: মাসিক ১,১৫,০০০ টাকা বেতন, ১ লাখ টাকা বাসা ভাড়া, অফিস ও যাতায়াতের খরচ সরকার বহন করবে।

এমপি: মাসে ৫৫,০০০ টাকা বেতন, অতিরিক্ত সামাজিক নিরাপত্তা খাতের বরাদ্দ, শুল্কমুক্ত গাড়ি ও প্লট গ্রহণের সুযোগ।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর