Logo

জাতীয়

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন এবিএম আব্দুস সাত্তার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৭

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন এবিএম আব্দুস সাত্তার

ফাইল ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখ্য সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন প্রশাসনের অভিজ্ঞ ও অবসরপ্রাপ্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী এবিএম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য তিনি এই পদে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনের শর্তানুযায়ী, এ দায়িত্ব পালনকালে তাকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে। এই নিয়োগের অন্যান্য শর্তাবলি পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে জানানো হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এবিএম আব্দুস সাত্তার বিসিএস ৮২ ব্যাচের একজন চৌকস কর্মকর্তা। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি দীর্ঘ সময় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ গত ৩ জানুয়ারি থেকে তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। 

এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সচিবালয় প্রধানমন্ত্রী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর