Logo

জাতীয়

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩১

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরদিন সাভারের জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন তারেক রহমান। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি ও তার নতুন মন্ত্রিসভার সদস্যরা স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

নির্ধারিত সূচি অনুযায়ী, স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করার কথা রয়েছে।

এরপর বেলা সাড়ে ১২টায় প্রধানমন্ত্রী সচিবালয়ে যাবেন এবং তার দপ্তরে প্রথম কর্মদিবস শুরু করবেন। সেখানে তিনি মধ্যাহ্নভোজ করবেন এবং বিকেলে নবগঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠকে সভাপতিত্ব করবেন। এছাড়া সরকারের সচিবদের সঙ্গেও তাঁর মতবিনিময় করার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর দাপ্তরিক কাজ শুরুর জন্য সচিবালয়ে তার দপ্তর এবং মন্ত্রিপরিষদ বিভাগের তৃতীয় তলায় কনফারেন্স রুম সম্পূর্ণ প্রস্তুত রাখা হয়েছে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর গতকাল মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ গ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রিসভার সদস্যরা।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

তারেক রহমান প্রধানমন্ত্রী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর