যারা ভোট দিয়েছেন বা দেননি- সরকারের কাছে সবার অধিকার সমান : প্রধানমন্ত্রী
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ২২:২৯
জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান/ ছবি- সংগৃহীত
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশি নাগরিক হিসেবে এ দেশে সবার অধিকার সমান। তিনি জানান, সরকার প্রধান হিসেবে তিনি দেশবাসীর উদ্দেশ্যে বিশেষভাবে বলতে চান, নবগঠিত সরকার গঠনের সুযোগ দিতে যারা বিএনপিকে ভোট দিয়েছেন, দেননি, অথবা কাউকেই ভোট দেননি—এই সরকারের কাছে তাদের সবার অধিকার সমান।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেন, হাজারো শহীদের প্রাণের বিনিময়ে আমরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে পেরেছি। স্বাধীন বাংলাদেশে জনগণের ভোটের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি নতুন সরকার যাত্রা শুরু করেছে। দেশে গণতন্ত্র ও মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠার এই যাত্রার শুরুতে তিনি দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, দলমত, ধর্মবর্ণ নির্বিশেষে এই দেশ সবার, এবং প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ ভূমি নিশ্চিত করা সরকারের লক্ষ্য।
প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের সময়ে দুর্নীতি, দুঃশাসন, ভঙ্গুর অর্থনীতি, দুর্বল শাসন কাঠামো ও অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে নতুন সরকার যাত্রা শুরু করেছে। আইনশৃঙ্খলা উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণই জনগণের মধ্যে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনার প্রধান অগ্রাধিকার। সারাদেশে জুয়া ও মাদক নিয়ন্ত্রণেও সরকারের কঠোর পদক্ষেপ চলবে। দেশের সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান চলবে বিধিবদ্ধ নীতি ও নিয়মে; দলীয় বা রাজনৈতিক প্রভাব নয়, আইন শাসনই রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি হবে।
তিনি রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে বলেন, রমজান আত্মশুদ্ধির মাস। ব্যবসায়ীরা এই মাসকে অতিরিক্ত মুনাফা লাভের সময় হিসেবে বিবেচনা করবেন না। দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে যেতে দেবেন না। সরকার জনগণের অধিকার প্রতিষ্ঠায় এবং অনাচার, অনিয়মের প্রতিসিন্ডিকেট ভেঙে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
প্রধানমন্ত্রী বলেন, ক্ষুদ্র-মাঝারি ও বড় সব ব্যবসায়ীর স্বার্থ রক্ষা করাই সরকারের লক্ষ্য। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং ক্রেতা-বিক্রেতা উভয়ের স্বার্থ রক্ষায় সরকারের কাছে যে কোনো পরামর্শ বা অভিযোগ গ্রহণযোগ্য। এই সরকার সবার সরকার।
তিনি রমজান মাসে রোজাদারদের জন্য গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কতৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। অপচয় রোধ করাও মুসলমানের ইমানি দায়িত্ব। অফিস, আদালতে প্রয়োজনের অতিরিক্ত খরচও এ সময় এড়িয়ে চলা উচিত বলে তিনি মনে করেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তা ও এমপিরাই দৃষ্টান্ত স্থাপন করবেন। বিএনপির সংসদীয় দলের প্রথম সভাতেই সিদ্ধান্ত হয়েছে, নির্বাচিত কোনো এমপি সরকারি সুবিধা নিয়ে ট্যাক্স ফ্রি গাড়ি বা প্লট সুবিধা নেবেন না। রাষ্ট্র পরিচালনায় ন্যায়পরায়ণতার আদর্শ অনুসরণ করা হবে।
ঢাকাসহ বিভাগীয় শহরে যানজট নিয়ন্ত্রণ ও জনদুর্ভোগ লাঘব করতে রেল, নৌ, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের কার্যক্রম পুনর্বিন্যাস ও সমন্বয় করা হচ্ছে।
তিনি বলেন, দেশের বৃহৎ জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করা গেলে তা জনসম্পদ হিসেবে কাজ করবে। তথ্য প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রতিযোগিতার সঙ্গে টিকে থাকতে দক্ষতা অর্জন জরুরি। শিক্ষার্থী ও যুবশক্তিকে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ করে তোলার জন্য সরকার সকল সহযোগিতা দেবে।
প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ প্রায় ১৮ বছর পর দেশে ফিরে ২৫ ডিসেম্বর তিনি দেশ ও জনগণের জন্য ‘আই হ্যাভ এ প্ল্যান’ ঘোষণা করেছিলেন। জাতীয় নির্বাচনের আগে দেশের বিভিন্ন স্থানে তিনি পরিকল্পনার কিছু অংশ তুলে ধরেছিলেন। জনগণ বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন। এখন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের দায়িত্ব সরকারের।
তিনি পুনরায় বলেন, নবগঠিত সরকার গঠনের সুযোগ দিতে যারা বিএনপিকে ভোট দিয়েছেন, দেননি বা কাউকেই ভোট দেননি—তাদের সবার সরকারের কাছে অধিকার সমান। দলমত, ধর্ম, দর্শন নির্বিশেষে রাষ্ট্র সবার, এবং প্রতিটি নাগরিকের অধিকার সমান।
প্রধানমন্ত্রী শেষাংশে আল্লাহর দরবারে নিরাপত্তা, সুস্থতা এবং সব ইতিবাচক পরিকল্পনা বাস্তবায়নের তৌফিক কামনা করেন, পবিত্র রমজান মাস শুরুর শুভলগ্নে।
এএস/

