Logo

জাতীয়

প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৫

প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ

আবু আবদুল্লাহ এম ছালেহ/ফাইল ছবি

প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক আবু আবদুল্লাহ এম ছালেহ। সচিব পদমর্যাদায় তাঁকে চুক্তিভিত্তিক এ নিয়োগ দিয়ে বুধবার (১৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আবু আবদুল্লাহ এম ছালেহকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম–সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে সরকারের সচিব পদমর্যাদা ও বেতনে (নির্ধারিত ৭৮ হাজার টাকা) প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে নিয়োগ দেওয়া হলো। প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে—যেটি আগে ঘটে—সে পর্যন্ত এ চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর থাকবে।

নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

আবু আবদুল্লাহ এম ছালেহ নিউজ এজেন্সি ইউএনবি ও চ্যানেল আইয়ে কাজ করেছেন। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

দীর্ঘদিন বিদেশে অবস্থানকালে তারেক রহমানের প্রেস–সংক্রান্ত বিষয়গুলো দেখাশোনা করছিলেন আবু আবদুল্লাহ এম ছালেহ। গত ২৫ ডিসেম্বর দীর্ঘ নির্বাসন শেষে তারেক রহমান যুক্তরাজ্য থেকে বাংলাদেশে ফেরার সময় তিনিও সফরসঙ্গী হিসেবে একই বিমানে দেশে ফেরেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই–তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করেছে বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এবং মন্ত্রিসভার অন্য সদস্যরা শপথ নেন। পরে রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রিসভার সদস্যদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর