Logo

জাতীয়

গাফিলতি পেলে ছাড় নয়, ৬ মাস পর মন্ত্রীদের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৬

গাফিলতি পেলে ছাড় নয়, ৬ মাস পর মন্ত্রীদের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী

নতুন সরকারের মন্ত্রীদের কাজের জবাবদিহির বিষয়ে কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী ছয় মাসের কাজের অগ্রগতি দেখে মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের মূল্যায়ন করা হবে। এই সময়ে কারও কাজে কোনো ধরনের গাফিলতি বা অবহেলা পাওয়া গেলে তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে।

গত মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাঁর নেতৃত্বে ২৫ জন মন্ত্রী, ২৪ জন প্রতিমন্ত্রী এবং ১০ জন উপদেষ্টা নিয়ে গঠিত হয়েছে নতুন মন্ত্রিপরিষদ। সরকার গঠনের পরদিন গতকাল বুধবার বেলা তিনটায় সচিবালয়ে প্রথমবারের মতো মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকেই এমন কড়া নির্দেশনা দেওয়া হয়।

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং সভার বিস্তারিত তুলে ধরেন।

সংশ্লিষ্ট সূত্র ও মন্ত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রধানমন্ত্রী দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। তিনি জানিয়েছেন, দুর্নীতির বিষয়ে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে বিএনপির নির্বাচনী ইশতেহারকে অগ্রাধিকার দিয়ে আগামী ১৮০ দিনের একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য প্রতিটি মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন তিনি। আগামী এক থেকে দুই দিনের মধ্যে নিজ নিজ মন্ত্রণালয়ের পরিকল্পনাগুলো প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করতে বলা হয়েছে। পরবর্তী মন্ত্রিসভার বৈঠকে এসব পরিকল্পনা সমন্বয় করে সরকারের চূড়ান্ত রূপরেখা ঠিক করা হবে।

প্রাথমিক এই ১৮০ দিনের পরিকল্পনায় বেশ কয়েকটি বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা। সামনেই পবিত্র রমজান মাস। তাই সাহ্‌রি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি আসন্ন ঈদে মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এখন থেকেই প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। মহাসড়কগুলোর বর্তমান অবস্থা বিবেচনা করে জরুরি ভিত্তিতে সংস্কারের তাগিদ দেওয়া হয়েছে, যাতে ঈদযাত্রায় কোনো মানুষের ভোগান্তি না হয়।

মন্ত্রিসভার বৈঠকের পর সচিবদের সঙ্গেও মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি জানান, রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে কেবল মেধার ভিত্তিতেই কর্মকর্তাদের মূল্যায়ন করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, জনগণ আমাদের ইশতেহারকে সমর্থন জানিয়েছে। তাই জনআকাঙ্ক্ষাই এখানে সবচেয়ে বেশি প্রাধান্য পাবে। কর্মকর্তাদের কার কী রাজনৈতিক সম্পৃক্ততা আছে, সেটি আমরা বিবেচনায় নেব না, মেধা দিয়ে যাচাই করব।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানান, বর্তমানে রমজানে বাজার নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখাই সরকারের মূল লক্ষ্য।

অন্যদিকে, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, ১৮০ দিনের যে পরিকল্পনা আগে থেকেই তৈরি করা ছিল, সেটি দ্রুত জনগণের সামনে প্রকাশ করা হবে। গতকালের বৈঠকে উপদেষ্টারাও উপস্থিত থাকায় এটিকে মূলত একটি সৌজন্যমূলক সভা হিসেবেই উল্লেখ করেন তিনি।

এমএন

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রধানমন্ত্রী তারেক রহমান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর