রমজানে ১০ লাখ পরিবার পাবে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৩
পবিত্র রমজান মাসে নিম্ন আয়ের মানুষের পুষ্টির চাহিদা পূরণ ও বাজারের মূল্য স্থিতিশীল রাখতে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার। এই কর্মসূচির আওতায় সাধারণ মানুষ বাজার দরের চেয়ে কম দামে দুধ, ডিম ও মাংস কিনতে পারবেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মহাখালীতে প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে এই বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জানান, এই কর্মসূচির আওতায় ডিমের ডজন মিলবে ৯৬ টাকায়, ১ কেজি দুধ ৮০ টাকা ও ১ কেজি মাংস ৬৫০ টাকায় কেনা যাবে। এ লক্ষ্যে উত্তরা, আজিমপুর, মিরপুরসহ রাজধানীর ২৫টি স্পটে এই বিক্রয় কার্যক্রম শুরু করা হয়েছে, যা চলবে পুরো রমজান মাস জুড়ে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলাতেও সরকারের এই উদ্যোগ ছড়িয়ে দেওয়া হবে।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, রমজানে কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের দাম বাড়ালে নিম্ন আয়ের মানুষের কষ্ট বাড়ে। সরকারের এই উদ্যোগ সাধারণ মানুষের জন্য সহায়ক হবে এবং এর ফলে বাজারেও জিনিসপত্রের দাম কমে আসবে। ভবিষ্যতে এই কর্মসূচি আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।

নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া সম্ভব। সাধারণ মানুষের সুবিধার্থে সরকার ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও হেলথ কার্ড চালুর উদ্যোগ নেবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের সভাপতি মশিউর রহমান এবং বাংলাদেশ ক্যাটল অ্যান্ড ফ্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইন।
এমএইচএস

