Logo

জাতীয়

৪৪তম বিসিএস : নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৪৩

৪৪তম বিসিএস : নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগ

৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১-এর উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে ৪ হাজার ১৩৬ জনকে নন-ক্যাডার পদে সাময়িকভাবে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০২৩’-এর বিধি ৬ অনুযায়ী প্রার্থীদের মেধা ও পছন্দক্রম বিবেচনা করে এ মনোনয়ন দেওয়া হয়েছে। নিয়োগ কার্যকর হবে ৯ম থেকে ১১তম গ্রেডের বিভিন্ন শূন্য পদে।

মনোনীতদের একটি বড় অংশ ৯ম গ্রেডের বিভিন্ন দপ্তরে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে খাদ্য অধিদপ্তরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পদে ৩ জন, নিবন্ধন অধিদপ্তরে সাব-রেজিস্ট্রার পদে ৮ জন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সহকারী পরিচালক পদে ২৯ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। এছাড়া পাসপোর্ট অধিদপ্তরে ১৪ জন এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরে ১৯ জন ঔষধ তত্ত্বাবধায়ক পদে মনোনীত হয়েছেন।

১০ম গ্রেডে বড় একটি অংশ নিয়োগ পাচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ড-এর অধীনে। সহকারী রাজস্ব কর্মকর্তা পদে কয়েকশ প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। পাশাপাশি খাদ্য অধিদপ্তরে খাদ্য পরিদর্শক পদে ১৬৩ জন এবং মৎস্য অধিদপ্তরে মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা পদে ১৮ জন মনোনয়ন পেয়েছেন।

তবে যোগ্য প্রার্থী না পাওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ইন্সট্রাক্টর (কৃষি ও শারীরিক শিক্ষা)সহ বেশ কয়েকটি পদে কাউকে মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এতে প্রায় সাড়ে ৩ লাখ প্রার্থী আবেদন করেন। প্রিলিমিনারি পরীক্ষায় ১৫ হাজার ৭০৮ জন এবং লিখিত পরীক্ষায় প্রায় ৪ হাজার প্রার্থী উত্তীর্ণ হন।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পিএসসি বিসিএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর